স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ
দিনাজপুরের পার্বতীপুরে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে তাঁর স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী নিজেই গতকাল বুধবার রাতে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, গত মঙ্গলবার রাতে উপজেলার একজন দিনমজুর স্ত্রীকে নিয়ে পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা কয়েকজন যুবক তাঁদের পথরোধ করে। মজুরকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে ফেলে তারা। পরে পাশের ভুট্টাখেতে নিয়ে মজুরের স্ত্রীকে ধর্ষণ করে। এ অভিযোগে গতকাল রাতে থানায় মামলা করেন ওই নারী।
ওই নারীর স্বামীর ভাষ্য, একই গ্রামের চারজন তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছে। এমনকি তারা ধর্ষণ দৃশ্য মুঠোফোনে ভিডিও করেছে। এ ঘটনা কাউকে জানানো হলে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে হুমকি দিয়েছে যুবকেরা। রাত আটটা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম বলেন, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের খোঁজা হচ্ছে।