স্বামীকে মৃত দেখিয়ে ভাতা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলায় স্বামীকে মৃত দেখিয়ে এক নারী বিধবা ভাতা উত্তোলন করছেন। উপজেলার সাহাপাড়া ইউনিয়নের চকচকা গ্রামের হামিদা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
তবে হামিদা খাতুনের দাবি, ইউনিয়নের এক সমাজকর্মী ঘুষ নিয়ে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছেন।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, বিধবা ভাতা পাবেন বিধবা বা স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া নারীরা। ইউনিয়ন পর্যায়ে বিধবা ভাতার সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে কমিটি রয়েছে। সেই তালিকা উপজেলা কমিটিতে পাঠানো হয়। উপজেলা কমিটিতে তালিকা অনুমোদনের পর ভাতা দেওয়া হয়। কিন্তু স্বামী জীবিত থাকতে হামিদা খাতুন মাসিক ৩৫০ টাকা হিসাবে বিধবা ভাতা পাচ্ছেন। হামিদা চকচকা গ্রামের ব্যবসায়ী উলু মিয়ার স্ত্রী। তুলশীঘাট বাজারে উলুর গালা মালের দোকান রয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ে বিধবা ভাতা প্রদান তালিকাতে লেখা হামিদা খাতুন, স্বামী মৃত উলু মিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক চকচকা গ্রামের এক ব্যবসায়ী বলেন, ‘দীর্ঘদিন ধরে উলু মিয়াকে তুলশীঘাট বাজারে ব্যবসা করতে দেখছি। তাঁর স্ত্রী ভাতা পান বলেও শুনেছি।’ ওই গ্রামের অনেকেই একই মন্তব্য করেন।
জানতে চাইলে হামিদা বেগম বলেন, ‘ইউনিয়ন সমাজকর্মী মাসুদা বেগম তিন হাজার টাকা ঘুষ নিয়ে আমার নাম অন্তর্ভুক্ত করেন।’ তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে মাসুদা বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গোলাম ফারুক জানান, হামিদা অনেক আগেই তালিকাভুক্ত হয়েছেন। তখন মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে বিধবা ভাতা দেওয়া হতো। তবে অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগ সঠিক প্রমাণিত হলে তাঁকে ভাতা প্রদান বন্ধ করা হবে।
এ ব্যাপারে সাহাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবার রহমান বলেন, হামিদাকে ‘স্বামী পরিত্যক্তা’ হিসেবে বিধবা ভাতা দেওয়া হয়। ভাতা দেওয়ার আগেই তাঁর স্বামী হামিদাকে তালাক দিয়েছিলেন। এখন ভাতা দেওয়ার খবর শুনে হামিদার সঙ্গে উলু মিয়া মীমাংসার চেষ্টা করছেন।