স্বামীকে মেরে মেঝেতে লাশ পুঁতে...
বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামে শুক্রবার রাতে ঘরের মেঝে খুঁড়ে জাকির হোসেন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ জাকিরের স্ত্রী বানু বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে।
পুলিশের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বানু বেগম হত্যার দায় স্বীকার করেছেন। তিনি পুলিশকে বলেন, দাম্পত্য কলহের জের ধরে গত বুধবার রাতে ঘুমন্ত স্বামীকে ডেকে তুলে ঘুমের ওষুধ মেশানো শরবত পান করান তিনি। এতে জাকির অচেতন হয়ে পড়েন। রাত একটার দিকে শ্বাসরোধে স্বামীকে হত্যার পর তিনি শয়নকক্ষের খাটের নিচে মাটি খুঁড়ে লাশ পুঁতে রাখেন। এরপর ওই খাটেই ঘুমান তিনি।
বানু বেগম পুলিশকে বলেন, তাঁর স্বামী ইয়াবা-ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়েছিলেন। এ কারণে সাংসারিক নানা বিষয়ে দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। তুচ্ছ কারণে স্বামী তাঁকে শারীরিক নির্যাতনও করতেন। নির্যাতন সইতে না পেরে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তিনি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রথম আলোকে বলেন, পুঁতে রাখা লাশের পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সন্দেহ হয়। শুক্রবার বিকেলে তাঁরা থানায় খবর দেন। রাত ১১টার দিকে পুলিশ গিয়ে শোবার ঘর তল্লাশি চালায়। খাটের নিচে আলগা মাটি দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে এবং বানু বেগমকে আটক করে।
ওসি বলেন, আজ শনিবার নিহত জাকির হোসেনের মা জাকিয়া সুলতানা বাদী হয়ে বানু বেগমসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। অন্য আসামিরা পলাতক। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য বানু বেগমকে আদালতে নেওয়া হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাকির হোসেন পেশায় রংমিস্ত্রির কাজ করতেন। নয় বছর আগে গাবতলীর বাহাদুরপুর গ্রামের মৃত শমশের আলীর মেয়ে বানু বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। বাহাদুরপুর গ্রামেই জায়গা কিনে ওই দম্পতি বাস করে আসছিলেন। তাঁদের দুটি মেয়েসন্তান রয়েছে। বেশ কিছুদিন থেকে তাঁদের দাম্পত্যে কলহ চলে আসছিল।