স্বামীকে শ্বাসরোধে, স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে এক ব্যক্তিকে শ্বাস রোধ করে ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পূর্ব রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ইব্রাহিম মিয়া (৫৪) ও তাঁর স্ত্রী আফিয়া বেগম (৪৫)।
ইব্রাহিমের বাড়ি পূর্ব রামপুর গ্রামে। ইব্রাহিম-আফিয়া দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার পর ইব্রাহিম মিয়া ও আফিয়া বেগম তাঁদের টিনশেড ঘরে ঘুমিয়ে পড়েন। তাঁদের ৯ বছর বয়সী সন্তান খায়রুল ইসলাম তাঁদের সঙ্গে ঘুমায়। সকালে বিছানার চাদর দিয়ে ঢাকা আফিয়ার গলা কাটা লাশ পাওয়া যায়। আর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পশ্চিম রামপুর গ্রামে কৃষিজমিতে ইব্রাহিমের গলা কাটা লাশ পড়ে ছিল। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
ইব্রাহিম-আফিয়া দম্পতির সন্তান খায়রুল ইসলাম বলে, সে রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমালেও ভোরে সে দেখে পাশের কক্ষের অন্য বিছানায়। পরে ঘুম থেকে উঠে আম কুড়াতে যায়। কিছুক্ষণ পর ঘরে ফিরে মাকে ডাকলেও তার মা সাড়া দিচ্ছিল না। পরে চাদর ওঠানোর পর মায়ের গলা কাটা লাশ দেখতে পায় সে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে।
পুলিশের ধারণা, প্রথমে আফিয়াকে ও পরে ইব্রাহিমকে হত্যা করা হয়েছে।
ইব্রাহিমের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
নিহত দম্পতির জামাতা শাহাদত হোসেনও বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি কিছু বুঝতে পারছেন না।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী বলেন, ঘটনাটি খুবই রহস্যজনক। কয়েক দিনের মধ্যে জোড়া খুনের রহস্য উন্মোচন হবে হবে বলে তাঁরা আশা করছেন।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য আফিয়া ও পরে ইব্রাহিমের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জে নদী থেকে লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ সংবাদদাতা জানান, মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চষার ইউনিয়নের বিনোদপুরের পুরাতন লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় নৌফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বলেন, গতকাল শুক্রবার স্থানীয় লোকজন নদীতে লাশটি ভাসতে দেখে ফাঁড়িতে খবর দেন। এরপর দুপুরের দিকে তাঁরা ওই পুরুষ ব্যক্তির লাশটি উদ্ধার করেন। তিনি জানান, লাশটিতে পচন ধরেছে। উদ্ধারের পর তাঁরা লাশটি সদর থানায় হস্তান্তর করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।