স্বামীকে হত্যার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক
স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রী থেকে এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে স্বামী মো. আবদুল্লাহর (৪৩) লাশ উদ্ধার করে চকবাজার থানার পুলিশ। তিনি পিকআপ ভ্যানের চালক।
প্রথম স্ত্রী রাশেদা বেগমের অভিযোগের ভিত্তিতে আবদুল্লাহর দ্বিতীয় স্ত্রী সুইটি বেগমকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
নিহত আবদুল্লাহর ভাই মো. সেলিম জানান, প্রথম স্ত্রী রাশেদাকে নিয়ে ঢাকেশ্বরী মন্দির এলাকায় থাকতেন আবদুল্লাহ। গত শনিবার সকালে দ্বিতীয় স্ত্রী ফোন করে ডেকে নেন আবদুল্লাহকে। এর পর থেকে তাঁর কোনো খোঁজ নেই। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার বাসার সামনে আবদুল্লাহর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। সেলিম বলেন, পরে জানা গেছে, সুইটি ভ্যান ভাড়া করে আবদুল্লাহর লাশ বাসার সামনে রেখে চলে গেছেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, আবদুল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে কি না, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাঁর প্রথম স্ত্রী ও অন্য স্বজনদের অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মো. সেলিম গতকাল সন্ধ্যায় জানান, তাঁরা ধারণা করছেন, বনশ্রীর বাসায় ডেকে নিয়ে সুইটি লোকজন দিয়ে আবদুল্লাহকে মারধর করেছেন। তাতেই অসুস্থ হয়ে মারা গেছেন আবদুল্লাহ। এ বিষয়ে তাঁরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে মামলা রামপুরা না চকবাজার থানায় হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত দেয়নি পুলিশ।