স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামে আবদুস ছাত্তার (৬৫) নামের ব্যক্তিকে গলা কেটে হত্যা করার অভিযোগে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে আনোয়ারা বেগম (৫০) নামের ওই নারীকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি সকালে বাড়ির পাশের একটি খাল থেকে আবদুস ছাত্তারের লাশ উদ্ধার করা হয়। লাশের হাত-পা বাঁধা ও গলা কাটা ছিল। ওই দিনই দোয়ারাবাজার থানায় অজ্ঞাতনামা ১৮ জনকে আসামি করে আনোয়ারা বেগম একটি হত্যা মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবদুস ছাত্তারের ছোট ভাই আবদুর রহিম (৪৫) ও আবুল কালাম ওরফে কালা মিয়াসহ (৪০) পাঁচজনকে গ্রেপ্তার করে। আনোয়ারা বেগমের অভিযোগ ছিল, জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়েরা আবদুস ছাত্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন জানান, ‘আবদুস ছাত্তার হত্যাকাণ্ডের সঙ্গে আনোয়ারা বেগম জড়িত বলে আমাদের কাছে তথ্য-প্রমাণ আছে। হত্যাকাণ্ডের পর তিনি যে মামলা করেছিলেন, সেই মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’