স্বামী প্রতিদিন ‘নেশা করে এসে মারধর করতেন’। এতে অতিষ্ঠ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে শিল দিয়ে আঘাত করে স্বামীকে হত্যা করে থানায় এসে ধরা দিলেন ওই নারী। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটেছে এ ঘটনা।
পুলিশ জানায়, খতিজা বেগম (৩২) নামের ওই নারী গত বুধবার রাতে থানায় এসে স্বামীকে হত্যার কথা জানান। তাঁর স্বামীর নাম জাহাঙ্গীর আলম (৪০)। তাঁদের দুই ছেলেসন্তানের একজনের বয়স ১৩ বছর, অন্যজনের তিন বছর। জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী খালাতো ভাইবোন। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার ভবানীপুর গ্রামে।
নিহত জাহাঙ্গীর একটি প্রতিষ্ঠানের লরিচালক ছিলেন।
খতিজা বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহাঙ্গীর প্রতিদিন নেশা করে বাড়ি ফিরে তাঁকে (খতিজা) অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করতেন। তিনি ভেবেছিলেন ছেলেরা বড় হচ্ছে, তাই নির্যাতনের মাত্রা কমবে। কিন্তু উল্টো তা বেড়েছে। গত মঙ্গলবার গভীর রাতে ঘরে ফিরে সন্তানদের সামনে তাঁকে বেদম মারধর করেন জাহাঙ্গীর। নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়লে গত বুধবার ভোরের দিকে জাহাঙ্গীরকে মসলা বাটার শিল দিয়ে ঘাড়ে আঘাত করেন তিনি। এতে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। এরপর স্বামীর লাশ তোশক দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে দেন। দুপুরের দিকে দুই সন্তানকে সঙ্গে নিয়ে প্রথমে বার আউলিয়া হাইওয়ে থানায় যান। সেখানে তাঁদের সীতাকুণ্ড থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রায় ২০ কিলোমিটার দূরের ওই থানায় হেঁটে গিয়ে রাত নয়টার দিকে তিনি পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট-সংলগ্ন খাদেমপাড়া গ্রামের নেভি রোড এলাকার বাসা থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পেছনে অন্য কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। দুই ছেলেসহ ওই নারীকে থানা হেফাজতে রাখা হয়েছে।