স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ঢাকার আশুলিয়ায় এক গৃহবধূর বিরুদ্ধে তাঁর স্বামীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে শিমুলিয়া ইউনিয়নের বারইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই গৃহবধূ দিনাজপুর সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেন।
নিহত ব্যক্তির নাম সেলিম রেজা (৩১)। তিনি দিনাজপুর সদর উপজেলার সৈয়দপুর শিকদারগঞ্জ গ্রামের শাহ্ আলমের ছেলে।
আশুলিয়া থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিম রেজা বছর আটেক আগে রুমা আক্তার নামের এক তরুণীকে বিয়ে করেন। রুমার বাড়ি বরিশালে। বিয়ের দুই বছর পর প্রথম বিয়ের কথা গোপন রেখে তিনি দিনাজপুর সদর উপজেলার শাপলা নামের অপর এক তরুণীকে বিয়ে করেন। এর পরপরই তিনি শাপলাকে নিয়ে আশুলিয়া চলে আসেন। তিনি বারইপাড়া এলাকায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বছর দু-এক আগে প্রথম বিয়ের বিষয়টি ফাঁস হয়ে গেলে শাপলার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়।
সেলিম রেজার ছোট ভাই শাহ নেওয়াজ বলেন, দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে তাঁর প্রথম ভাবি (রুমা আক্তার) বছর পাঁচেক আগে আশুলিয়া এসে একটি পোশাক কারখানায় চাকরি নেন। বছর দু-এক আগে দ্বিতীয় ভাবি (শাপলা) প্রথম বিয়ের কথা জানতে পেরে রুমাকে তালাক দেওয়ার জন্য তাঁর ভাইকে চাপ প্রয়োগ করতে থাকেন। কিন্তু তাঁর ভাই তালাকে রাজি হননি। এর পর থেকে তাঁদের মধ্যে কলহ দেখা দেয়। এই কলহের জের ধরে তাঁর ভাই দুই বউকে নিয়েই সংসার করবেন বলে জানান। এ জন্য সপ্তাহখানেক তাঁর ভাই রুমার সঙ্গে দেখাও করেন। এর পরপরই শাপলা তাঁর ভাইকে হত্যার হুমকি দেন।
শাহ নেওয়াজ জানান, শাপলা সোমবার রাতে পায়েসের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে তাঁর ভাইকে অচেতন করেন। এরপর হাত-পা বেঁধে তাঁর বাঁ হাতের রগ কাটেন এবং তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর শাপলা তাঁর (শাহ নেওয়াজ) বড় ভাই দোলোয়ার হোসেনের মুঠোফোনে কল করে সেলিমকে হত্যার কথা জানান। এরপর তিনি বারইপাড়া গিয়ে তালা ভেঙে ঘরের মেঝেতে ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখে আশুলিয়া থানাকে অবহিত করেন। এর কয়েক ঘণ্টা পর শাপলা দিনাজপুর সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
দিনাজপুর সদর থানার ওসি রেদওয়ানুর রহিম বলেন, গতকাল বিকেলে শাপলা তাঁর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এ সময় তিনি প্রথম বিয়ের কথা গোপন রেখে তাঁকে বিয়ে করায় স্বামীকে হত্যা করেন বলে জানান। পরে তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোর্শেদ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ভাইয়ের কাছ থেকে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।