স্বামীর অমতে নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ায় এক গৃহবধূকে ছুরিকাঘাত করা হয়েছে। জনতা স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। গতকাল রোববার গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে নিখোঁজ থাকার দুদিন পর গতকাল সকালে বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠেছে মো. সাগর (২২) নামের এক তরুণের লাশ। তিনি তাঁর পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আগানগর এলাকার মিশ্রি মঞ্জিলে ভাড়া থাকতেন। তাঁদের বাড়ি কেরানীগঞ্জের আবদুল্লাহপুরে। সাগর পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের দোকানে চাকরি করতেন।
গাজীপুরে আহত গৃহবধূ হলেন নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল লতিফের মেয়ে ফাতেমা আক্তার (১৯)। তিনি তেলিপাড়া এলাকার রয়েল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্র বলেছে, ফাতেমা ও তাঁর স্বামী মো. লিটন মিয়া (২৮) আগে আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। গত ৩০ মার্চ তাঁরা বিয়ে করেন। সম্প্রতি ফাতেমা চাকরি ছেড়ে তেলিপাড়ায় ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হন। কিন্তু এতে রাজি ছিলেন না তাঁর স্বামী। ভর্তির পর থেকেই ফাতেমা একা তেলিপাড়ায় থাকা শুরু করেন। গতকাল সকাল নয়টার দিকে ফাতেমা নার্সিং ইনস্টিটিউটে যাচ্ছিলেন। পথে লিটন তাঁকে ডাক দেন। এতে সাড়া না দেওয়ায় লিটন তাঁকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয় জনতা লিটনকে ধরে গণপিটুনি দেন।
এদিকে কেরানীগঞ্জের সাগরের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় সাগর বাসা থেকে বের হন। রাত পৌনে ১২টার দিকে সাগর বাবাকে ফোন করে জানান, তিনি দুই বন্ধু মো. শামীম ও ফরহাদের সঙ্গে বুড়িগঙ্গার কামালবাগ খেয়াঘাটে আছেন। বাসায় ফিরতে দেরি হবে। রাত সাড়ে ১২টার দিকে সাগরদের বাসায় ফোন করে শামীম ও ফরহাদ বলেন, সাগর বুড়িগঙ্গা নদীতে ডুবে গেছেন। তাঁকে পাওয়া যাচ্ছে না। গতকাল সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা রসুলপুর ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে সাগরের মরদেহ ভেসে ওঠে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।