স্বামীর অমতে পড়াশোনা করায় নির্যাতন?
বরগুনার বেতাগী উপজেলায় গত সোমবার এক কিশোরী গৃহবধূকে পিটিয়ে আহত করেছেন তার স্বামী। স্বামীর অমতে পড়াশোনা চালিয়ে যাওয়ার কারণেই সে নির্যাতনের শিকার হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
ওই কিশোরীর নাম শারমিন আকতার (১৫)। সে বেতাগী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখার দশম শ্রেণির ছাত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, বেতাগী সদর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের সানোয়ার হোসেনের (৩৫) সঙ্গে একই উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ফুলতলা গ্রামের শারমিন আকতারের চলতি বছরের জানুয়ারি মাসে বিয়ে হয়। বিয়ের পরও শারমিন পড়াশোনা চালিয়ে যেতে চায়। এতে বাধা দেন তার স্বামী। এ কারণে শারমিনের ওপর বিভিন্ন সময়ে নির্যাতন চালানো হয়। এ অবস্থায় গত ঈদুল ফিতরের পর মেয়েকে বাড়িতে নিয়ে যান তার বাবা। এরপর থেকে সে বাবার বাড়িতে থেকে লেখাপড়া করছিল। সোমবার সকালে শারমিনকে নিজের বাড়িতে নিয়ে যেতে আসেন সানোয়ার। তাতে রাজি না হয়ে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হয় শারমিন। পথে হিজলতলা এলাকায় তাকে লাঠি দিয়ে বেদম পেটান সানোয়ার। পিটুনিতে মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়ে চেতনা হারিয়ে ফেলে সে। শারমিনকে বাঁচাতে গিয়ে পিটুনির শিকার হয় একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রেমিজা আক্তার।
প্রত্যক্ষদর্শী বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইছা খান বলে, মারের চোটে শারমিন সংজ্ঞা হারিয়ে ফেললে সানোয়ার চলে যান। পরে এলাকাবাসী শারমিন ও রেমিজাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন বলেন, শারমিনের মাথার আঘাতটি গুরুতর। এ জন্য তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শারমিনের বাবা আবু হাওলাদার বলেন, শারমিন যাতে এসএসসি পরীক্ষা না দেয়, সে জন্য সানোয়ার তাকে শাসিয়েছেন। এমনকি তার হাত-পা ভেঙে দেওয়ারও হুমকি দেন সানোয়ার। তিনি বলেন, ‘মেয়েকে বিয়ে দিয়ে এমন পরিণতি হবে, তা ভাবিনি।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান সোমবার রাতে বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার রাতে সানোয়ারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।