স্বামীর আত্মহত্যার ঘটনায় স্ত্রীকে দায়ী করে গাছের সঙ্গে বাঁধল গ্রামবাসী
বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইর গ্রামে স্বামীর আত্মহত্যার পর পরকীয়ার অপবাদ দিয়ে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে দিগদাইর ইউপি চেয়ারম্যান গিয়ে তাঁকে মুক্ত করেন।
ওই নারীর নাম মরিয়ম বেগম (৩৮)। পুলিশ তাঁর স্বামী ধলু মিয়ার (৫০) লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্র জানায়, ধলু মিয়া প্রায় ২৫ বছর আগে মরিয়ম বেগমকে বিয়ে করেন। সম্প্রতি ছেলে মহসিন আলী সিঙ্গাপুর যাওয়ার জন্য এক দালালকে টাকা দেন। দালাল আরও টাকা দাবি করলে মহসিন জমি বিক্রি করে বাকি টাকা দিতে বলেন। এ নিয়ে গতকাল স্বামী–স্ত্রীর ঝগড়া হয়।
প্রতিবেশী ও দিগদাইর ইউপির চেয়ারম্যান আলী তৈয়ব শামিম বলেন, ‘ঝগড়ার একপর্যায়ে ধলু মিয়া অভিমান করে শোওয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন প্রতিবেশী পরকীয়ার অভিযোগ তুলে মরিয়মকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। আমি গিয়ে তাঁকে মুক্ত করি।’
মরিয়ম বেগম সাংবাদিকদের বলেন, ‘লোকজন আমাকে রশি দিয়ে গাছের সঙ্গে গরুর মতো কয়েক ঘণ্টা বেঁধে রাখে। শত শত মানুষ এ দৃশ্য দেখছিলেন। একদিকে স্বামী হারানোর ধাক্কা, অন্যদিকে সন্তানদের সামনে বেঁধে রাখায় বুকটা ফেটে যাচ্ছিল।’
সোনাতলা থানার ওসি আবদুল মোত্তালেব বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। প্রতিবেশীরা ভুল বুঝে তাঁর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তাঁকে মুক্ত করা হয়।’
নাম প্রকাশ না করার শর্তে তিনজন প্রত্যক্ষদর্শী বলেন, তাঁরা ওই নারীকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখেছেন। তবে কারা বেঁধেছিল তা জানেন না।