স্বামীর এক দিন পর স্ত্রীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর আত্মহত্যার এক দিন পরেই চিরকুট লিখে আত্মহত্যা করেছেন স্ত্রী ঋতু আক্তার (১৯)।
আজ বুধবার সকালে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় মামাশ্বশুর বাহার মিয়ার বাড়ি থেকে ঋতু আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গত সোমবার বিকেলে ঢাকার উত্তরায় দক্ষিণখান এলাকার ভাড়া বাসায় ঋতুর স্বামী পোশাকশ্রমিক খোকা মিয়া (২০) আত্মহত্যা করেন। গতকাল মঙ্গলবার বিকেলে লাশ নিহত ব্যক্তির নানার বাড়ি শহরের কান্দিপাড়া এলাকায় নিয়ে শিমরাইলকান্দি কবরস্থানে দাফন করা হয়। নিহত খোকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উচ্চগ্রাম গ্রামের নজরুল ইসলামের ছেলে। ঋতু ঢাকার দক্ষিণখান এলাকার ভাড়াটে বাসিন্দা রানা মিয়ার মেয়ে। স্বামী-স্ত্রী দুজনেই উত্তরার একই গার্মেন্টসে পোশাকশ্রমিকের কাজ করতেন।
নিহত ব্যক্তিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, খোকা ঢাকার উত্তরায় একটি গার্মেন্টসে পোশাকশ্রমিকের কাজ করতেন। উত্তরখান এলাকায় ভাড়া থাকার সময় ঋতু আক্তারের সঙ্গে তাঁর প্রেম হয়। প্রায় এক বছর আগে তাঁরা নিজেরা বিয়ে করেন। দুই পরিবার বিয়ে মেনে না নেওয়ায় তাঁরা আলাদা থাকতেন। সোমবার বিকেলে উত্তরার দক্ষিণখান এলাকার ভাড়া বাসায় আত্মহত্যা করেন খোকা। পরে তাঁর লাশ উদ্ধার করে গতকাল ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় নানাবাড়িতে নেওয়া হয়। এ সময় ঋতুও ঢাকা থেকে সেখানে যান। সন্ধ্যায় লাশ দাফনের পর রাতে খাবার খেয়ে ঘুমাতে যান ঋতু। সকালে বাড়ির স্টোররুমের সিলিংয়ে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ঘরের সিলিংয়ের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে লেখা আছে, ‘আরে খোকার সাথে মাটি দিবেন। আমি খোকারে ছারা থাকতে পারমোনা, বিদায়।’
ঋতুর বাবা রানা মিয়া প্রথম আলোকে বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে ঋতুর সঙ্গে আমার শেষ কথা হয়। আমি বিয়েটা একসময় মেনে নিয়েছিলাম। তাঁরা একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসত। খোকার পাশে থাকার জন্যই আমার মা (ঋতু) এমন করেছে। তাকে এখানেই রাখব।’
খোকা কেন আত্মহত্যা করেছেন, তা জানতে চাইলে রানা মিয়া বলেন, ‘আমি জানি না। তবে কিছু লোক তাঁর কাছে টাকা পেত বলে জানতে পেরেছি।’
খোকার মামা চুন্নু মিয়া বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঋতু কারও সঙ্গে তেমন কোনো কথাবার্তা বলেননি। সকালে ঋতুর সঙ্গে আমরা সবাই কথা বলব বলে ভেবেছিলাম। ঋতু ও খোকার সম্পর্ক অনেক ভালো ছিল।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, স্বামীর আত্মহত্যার শোক সহ্য করতে না পেরে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।