স্বামীর কুড়ালের কোপে নারী চা-শ্রমিক খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর কুড়ালের আঘাতে রমনী তাঁতি (৩২) নামের এক চা-শ্রমিক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রহিমপুর ইউনিয়নের মির্ত্তিঙ্গা চা-বাগানের মাদ্রাজী টিলার শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাজী টিলার শ্রমিক বস্তির হরিকিশোর তাঁতির (৩৮) সঙ্গে গতকাল দুপুরে তাঁর স্ত্রী রমনী তাঁতির ঝগড়া হয়। বেলা দেড়টার দিকে ঘরের ভেতর হরিকিশোর তাঁর স্ত্রীকে কুড়াল দিয়ে আঘাত করে পালিয়ে যান। এ দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ঘটনার সময় কেউ বাড়িতে ছিলেন না। বেলা দুইটার দিকে ছোট ছেলে সুদীপ তাঁতি কলেজ থেকে ফিরে দরজা খুলে মায়ের রক্তমাখা লাশ দেখতে পায়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। এ ছাড়া ঘর থেকে একটি কুড়াল জব্দ করে পুলিশ। ঘটনার পর থেকে হরিকিশোর আর বাড়িতে ফেরেননি।