স্বামীর খোঁজে উজিরপুরে এসে নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের এক তরুণী বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীকে খুঁজতে এসে নির্যাতনের শিকার হয়েছেন। মাদারীপুরের এক তরুণীকে উজিরপুরে গ্রামের বাড়িতে নেওয়ার পথে গৌরনদী বাসস্ট্যান্ডে এনে পালিয়েছেন স্বামী। দুই দম্পতিই বিয়ের পর ঢাকায় ভাড়াবাড়িতে থাকতেন। দুটি ঘটনাই ঘটেছে গত মঙ্গলবার।
মানিকগঞ্জের তরুণীর নাম রোজিনা আক্তার (২২)। তিনি সদর উপজেলার কৈতরা গ্রামের জয়নাল মৃধার মেয়ে।
রোজিনা বলেন, মুঠোফোনের মাধ্যমে তাঁর সঙ্গে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামের মাইনুল বাদশার (২৮) পরিচয় হয়। গত ৮ মে আদালতের মাধ্যমে তাঁরা বিয়ে করেন। এরপর দুজন ঢাকায় একটি বাসা ভাড়া নিয়ে বাস করে আসছিলেন। তিনি এখন দুই মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানতে পেরে মাইনুল তাঁকে ফেলে ১৬ জুলাই পালিয়ে যান। এরপর থেকে মাইনুলের মুঠোফোন বন্ধ।
রোজিনা তাঁর বৃদ্ধ বাবা জয়নালকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাইনুলের গ্রামের বাড়িতে এসে জানতে পারেন, গ্রামে তাঁর আরেক স্ত্রী রয়েছেন। রোজিনার আসার খবর পেয়ে মাইনুল আত্মগোপন করেন। কিন্তু তাঁর সঙ্গে দেখা না করে চলে যেতে অস্বীকৃতি জানালে মাইনুলের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন।
রোজিনা বলেন, ‘মাইনুলের বাবা এনায়েত হোসেন, মা নার্গিস বেগম ও মাইনুলের প্রথম স্ত্রী রিনা বেগম আমাকে ও আমার বাবাকে রাতভর নির্যাতন করেন। বৃদ্ধ বাবা জয়নালকে চড়থাপ্পড় মারা হয়। কিলঘুষি, লাঠিপেটাসহ আমার ওপর নানা নির্যাতন চলে। শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া নির্যাতনের সময় স্বামী মাইনুল বাদশাকে তালাক দিয়েছি—এই মর্মে তাঁরা সাদা স্ট্যাম্পে আমার স্বাক্ষর নেন।’
তবে অভিযোগ অস্বীকার করে মাইনুলের বাবা এনায়েত হোসেন বলেন, তাঁরা মেয়েটি ও তাঁর বাবাকে বাড়ি থেকে যেতে বলেছেন, এটা সত্য। কিন্তু তাঁদের মারধর করা হয়নি। সাদা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগও সঠিক নয়।
বর্তমানে রোজিনা ও তাঁর বাবা জয়নাল মৃধা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয় লোকজন বুধবার তাঁদের উদ্ধার করে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, মেয়েটির কাছ থেকে গতকাল বৃহস্পতিবার অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী অপর তরুণী সনিয়া বেগমের (২০) বাড়ি মাদারীপুরের ডাসার থানার ধুলোক গ্রামে। তিনি বলেন, ফেসবুকে তাঁর সঙ্গে রংমিস্ত্রি রুবেল হাওলাদারের (২৬) পরিচয় হয়। রুবেল নিজেকে উজিরপুরের ‘তেরআনা’ গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে বলে পরিচয় দেন। গত বছরের অক্টোবরে তাঁরা বিয়ে করে ঢাকার বাড্ডা এলাকায় ভাড়া বাসায় ওঠেন।
সনিয়ার ভাষ্যমতে, শ্বশুরবাড়ি আসার কথা বললে রুবেল সব সময়ই বিষয়টি এড়িয়ে যেতেন। সম্প্রতি রুবেল তাঁকে বাড়ি নিয়ে যেতে রাজি হন। গত সোমবার রাতে বাসে করে তাঁরা ঢাকা থেকে উজিরপুরের উদ্দেশে রওনা হন। মঙ্গলবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছান। ইজিবাইক আনার কথা বলে রুবেল একটি যাত্রীছাউনিতে সনিয়াকে বসিয়ে রেখে চলে যান। সেই যে গেছেন আর ফেরেননি। এরপর থেকে রুবেলের মুঠোফোনটি বন্ধ।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই যাত্রীছাউনিতেই স্বামীর অপেক্ষায় ছিলেন সনিয়া। সন্ধ্যা গড়িয়ে গেলেও রুবেল না ফেরায় স্থানীয় কয়েকজন বখাটে মেয়েটির পিছু লাগে। এমন অবস্থায় স্থানীয় ইজিবাইকচালক রাসেল মিয়া নিজের বাড়িতে সনিয়াকে আশ্রয় দেন। পরদিন দুপুরে তাঁকে সঙ্গে নিয়ে আবার গৌরনদী বাসস্ট্যান্ডে আসেন। কিন্তু সারা দিন খোঁজাখুঁজি করেও রুবেলের সন্ধান মেলেনি। এরপর সনিয়া গৌরনদী মডেল থানার ওসি মো. ফিরোজ কবিরকে বিষয়টি অবহিত করেন। বুধবার রাতেই সনিয়াকে থানার পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
ওসি ফিরোজ কবির বলেন, উজিরপুরে তেরআনা নামে কোনো গ্রাম নেই। সনিয়ার পরিবারকে খবর দেওয়া হলে তাঁর মা শাহানা বেগম বুধবার রাতে উজিরপুরে আসেন। তাঁর কাছে মেয়েকে হস্তান্তর করা হয়েছে।