স্বামীর খোঁজে এসে তরুণী নির্যাতনের শিকার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর খোঁজে এসে এক তরুণী নির্যাতনের শিকার হয়েছেন। তাঁকে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে। ছিনিয়ে নেওয়া হয়েছে তাঁর সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন। গতকাল বুধবার সকালে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আর এসবই করা হয়েছে ওই নারীর কাছ থেকে জোরপূর্বক তালাক নেওয়ার জন্য।
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের পূর্ব পাশে খলিল রাঢ়ীর বাড়িতে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে।
ওই নারীর নাম ফাহিমা আখতার হ্যাপি (২০)। তাঁর বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার কালীবাড়ি সড়ক এলাকায়। তাঁর বাবার নাম মো. জামাল উদ্দিন।
হ্যাপি বলেন, তিনি ঢাকার গাজীপুরে এএসআর সোয়েটার ফ্যাক্টরিতে ফিনিশিং অপারেটরের কাজ করেন। সেই সুবাদে ওই ফ্যাক্টরিতে কর্মরত পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ভায়লা গ্রামের মো. আল আমিন শিকদারের (২২) সঙ্গে পাঁচ মাস আগে তাঁর প্রেমের সম্পর্ক হয়। চলতি মাসের ২ তারিখ তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের এক দিন পর সোয়েটার ফ্যাক্টরিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়ে ব্যবসা করার জন্য তাঁর (হ্যাপি) কাছে ১ লাখ টাকা দাবি করেন আল আমিন। তাঁর কাছে ৫০ হাজার টাকা ছিল। ওই টাকা ৫ মার্চ তিনি আল আমিনকে দেন। ওই দিনই টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি আল আমিন। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। নিরুপায় হয়ে তিনি গত সোমবার বিকেলে ঢাকা থেকে লঞ্চযোগে রওনা হয়ে মঙ্গলবার সকালে পটুয়াখালী আসেন। অনেক চেষ্টার পর আল আমিনের ভগ্নিপতি মো. লিটন আকনের (৩৫) সঙ্গে মুঠোফোনে কথা বলতে সক্ষম হন। পরে আল আমিন ও লিটন গিয়ে তাঁকে (হ্যাপি) নিয়ে ওই দিন রাতে পটুয়াখালী থেকে রওনা হয়ে বাউফলের কাশিপুর বাজারের পূর্ব পাশে লিটনের ভাড়াবাসায় রাত ১০টার দিকে পৌঁছান।
হ্যাপি বলেন, প্রথমে তাঁর সঙ্গে ভালো আচরণ করলেও রাত গভীর হলে তাঁর কাছে তালাক চান স্বামী আল আমিন, ভগ্নিপতি লিটন ও তাঁর স্ত্রী। তাঁর সঙ্গে সংসার করবেন না বলে জানান আল আমিন। এতে রাজি না হওয়ায় তাঁর সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও মুঠোফোনটি নিয়ে যান। এরপর মারধর শুরু করেন ও মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে হাত-পা বেঁধে ও মুখের মধ্যে চামচ ঢুকিয়ে মারধর করেন। সকাল হলে বাইরে (প্রকৃতির ডাকে) যেতে চান। তখন হাত ও পায়ের বাঁধন খুলে দেওয়া হয়। সেই সুযোগে ঘরের সামনের সড়কে গিয়ে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং তাঁকে উদ্ধার করেন। বিষয়টি শুনে স্থানীয়রা লিটনকে আটক করে ফেলেন। ততক্ষণে আল আমিন পালিয়ে যান।
গতকাল সরেজমিনে স্থানীয় লোকজন ও প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ডাকাডাকির শব্দ শুনতে পেয়েছেন। তবে এ রকম অমানবিক ঘটনার বিষয়টি তাঁরা বুঝতে পারেননি। তাঁরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে হ্যাপিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর বাবাকে খবর দেওয়া হয়েছে। তাঁর আসার জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় লিটন নামের একজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’