স্বামীর চোখ নষ্ট করার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
পিরোজপুরের নাজিরপুর উপজেলার তুতবাড়ি গ্রামে গত শনিবার রাতে মাহাবুব মোল্লা (৩২) নামের এক ব্যক্তির দুই চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার হওয়া মামলায় তাঁর স্ত্রী ফজিলা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাহাবুবের বাড়ি মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে। গতকাল তাঁকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়ূন রাজিব বলেন, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মাহাবুবের দুই চোখ নষ্ট করা হয়েছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাহাবুব মোল্লার সঙ্গে নাজিরপুরের তুতবাড়ি গ্রামের ফজিলা বেগমের বিয়ে হয়। এক বছর ধরে তাঁদের মধ্যে কলহ চলছিল। কয়েক দিন আগে মাহাবুব শ্বশুরবাড়িতে যান। শনিবার রাত ১১টার দিকে মাহাবুবকে স্ত্রী ফজিলা ডেকে বাড়ির পাশের রাস্তায় নিয়ে যান। সেখানে ফজিলা ও তাঁর দুই ভাই মাহাবুবের দুটি চোখ নষ্ট করে ফেলে রেখে যান। গতকাল সকালে স্থানীয় ব্যক্তিরা মাহাবুবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শাশুড়ি রহিমা বেগমকে প্রধান আসামি করে স্ত্রীসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
মাহাবুবের স্ত্রী ফজিলা বেগম বলেন, গত মঙ্গলবার নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের ছাত্রদল নেতা শামসুল হক খুন হন। ওই হত্যা মামলার প্রধান আসামির মাছের ঘেরে মাহাবুব কাজ করতেন। দুই দিন আগে তিনি এখানে আসেন। গ্রামের বরজে পান চুরি করে ধরা পড়লে স্থানীয় লোকজন তাঁর দুই চোখ নষ্ট করে ফেলে রাখে।
মাহাবুব বলেন, শনিবার রাতে স্ত্রী এবং শ্যালক আজগর ও ফাইজুল আমার হাত-পা বেঁধে চোখ নষ্ট করে রাস্তায় ফেলে রাখে।
নাজিরপুর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, মাহবুব মোল্লার বিরুদ্ধে মঠবাড়িয়া ও বাগেরহাট সদর থানায় দুটি চুরির মামলা রয়েছে। আগে তিনি শ্বশুরবাড়িতে বাস করতেন। এ সময় শ্বশুর বাড়ির লোকজন তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন।