স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ছেনুআরা বেগম (৪২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার চরতী ইউনিয়নের মধ্যম চরতী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী আবদুল করিম পলাতক রয়েছেন।

ছেনুআরার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে মধ্যম চরতী এলাকার মৃত আমির হোসেনের ছেলে আবদুল করিমের সঙ্গে দক্ষিণ চরতী এলাকার মৃত ছালেহ আহমদের মেয়ে ছেনুআরার বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই আবদুল করিম যৌতুক দাবি করতেন। দাবি অনুযায়ী, বেশ কয়েকবার যৌতুক হিসেবে নগদ অর্থ দেওয়া হয়। এ ছাড়া বিদেশ যাওয়ার জন্যও অর্থ দেওয়া হয়। কিছুদিন আগে তিনি বিদেশ থেকে দেশে ফিরে আসেন।

আবদুল করিম সম্প্রতি আবারও বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। তাই আবদুল করিম স্ত্রীর নামে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নেন। ঋণের টাকা নিয়ে সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল করিম ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে মারধর করেন এবং শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করেন। পরে স্বজনেরা এসে তাঁকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

ছেনুআরার ছোট বোন নাছিমা আকতার প্রথম আলোকে বলেন, যৌতুকের জন্য প্রায় সময় তাঁর বোনকে নির্যাতন করতেন আবদুল করিম। সকালে স্ত্রীকে ছুরিকাঘাত করার পর এনজিও থেকে নেওয়া টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি।

বিকেলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। ঘটনার পর থেকে স্বামী আবদুল করিম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।