সাজানো সংসারের স্বপ্ন নিয়ে ছয় মাস আগে স্বামীর ঘরে যান তরুণী গৃহবধূ সুপাইরা আক্তার (২০)। তবে সে স্বপ্ন মিলিয়ে যেতে সময় লাগেনি। বিয়ের পরপরই দেড় লাখ টাকা যৌতুকের জন্য মারধর শুরু করেন স্বামী মো. আয়াছ। মেয়ের সংসারে সুখ আনতে দরিদ্র বাবা ৫০ হাজার টাকা জোগাড় করে দেন। তবে তাতেও মন ভরেনি স্বামীর। যৌতুকের বাকি টাকার জন্য ছুরি চালিয়ে ক্ষতবিক্ষত করেছেন সুপাইরার মুখ।
২১ জুলাই আহত সুপাইরাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের একটি হোটেল থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হত্যার জন্য স্বামী তাঁকে ওই হোটেলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ সুপাইরার পরিবারের। গত এক সপ্তাহ ধরে হাসপাতালে কাতরাচ্ছেন তিনি।
সুপাইরার পরিবার জানায়, তাঁদের বাড়ি টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের পশ্চিমপাড়ায়। ছয় মাস আগে একই গ্রামের আয়াছের সঙ্গে সুপাইরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন শুরু করেন স্বামী। আয়াছ পেশায় জেলে। গত ১২ জুলাই স্ত্রীকে নিয়ে সেন্ট মার্টিনের একটি আবাসিক হোটেলে উঠেন আয়াছ। এরপর ২১ জুলাই শুক্রবার সকাল সাতটার দিকে হোটেলকক্ষের দরজা বন্ধ করে সুপাইরাকে মারধর শুরু করেন তিনি। একপর্যায়ে ধারালো ছোরা দিয়ে সুপাইরার মুখ, কান, চোখ ও মাথায় আঘাত করেন তিনি। একপর্যায়ে গলায় ছোরা দিয়ে হত্যা করার চেষ্টা করলে সুপাইরার চিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করেন। ওই সময় আয়াছ পালিয়ে যান। গুরুতর আহত সুপাইরাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বামীর বর্বরতার ক্ষতচিহ্ন সুপাইরার মুখজুড়ে। সুপাইরা আক্তার বলেন, স্থানীয়রা উদ্ধার না করলে স্বামী তাঁকে খুন করতেন।
কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক পু চ নু প্রথম আলোকে বলেন, সুপাইরার মুখের ডান পাশে চারটি, বাম পাশে তিনটি সেলাই দেওয়া হয়েছে। ডান কানেও সেলাই হয়েছে। দুচোখের অবস্থাও ভালো না।
সুপাইরার ভাই বদিউল আলম বলেন, তাঁরা এখনো মামলা করেননি। মামলা না করতে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ প্রথম আলোকে বলেন, যৌতুকের জন্য সুপাইরাকে তাঁর স্বামী নিষ্ঠুরভাবে নির্যাতন করেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ থানার পরিদর্শক শেখ আশরাফুজ্জামান বলেন, সুপাইরাকে নির্যাতনের ব্যাপারে এ পর্যন্ত কেউ অভিযোগ করেনি।