স্বামীর ছোড়া অ্যাসিডে ২ গৃহবধূসহ দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম্পত্য কলহের জের ধরে লালমনিরহাটের কালীগঞ্জের কিশামত দলগ্রামে গত রোববার স্বামীর ছোড়া অ্যাসিডে স্ত্রীসহ দুজন দগ্ধ হয়েছেন। একই দিন পাবনায় ‘সংসার না করায়’ ক্ষুব্ধ হয়ে বাল্যবধূকে ছুরিকাঘাতের পর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালমনিরহাটের ঘটনা নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট পরিবারের ভাষ্য, গজেন্দ্রনাথ রায় (৪৩) গত রোববার রাতে নিজ বাড়িতে তাঁর দ্বিতীয় স্ত্রী ঝরনা রানীর (৩৫) গায়ে অ্যাসিডসদৃশ দাহ্য পদার্থ ছুড়ে মারেন। এতে স্ত্রী ঝরনা ছাড়াও ছোট ভাই ব্রজেন্দ্রনাথ রায়ের স্ত্রী শান্তনা রানী (২৭) দগ্ধ হন। দুজনের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ছুটে এলে গজেন্দ্রনাথ পালিয়ে যান। দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের হাত ও গলার কিছু অংশ ঝলসে গেছে। গজেন্দ্রনাথ অনেক দিন ধরে প্রথম স্ত্রী মালতী রানীর সঙ্গে অন্যত্র বসবাস করছিলেন। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী ঝরনার সঙ্গে তাঁর কলহ চলছিল। এর ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসান হাবীব জানান, দুজনের শরীরে বেশ ক্ষতের সৃষ্টি হলেও তাঁরা আপাতত শঙ্কামুক্ত রয়েছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, শান্তনা রানীর স্বামী ব্রজেন্দ্রনাথ বাদী হয়ে গজেন্দ্রনাথ ও তাঁর প্রথম স্ত্রী মালতী রানীসহ চার-পাঁচজনের নাম উল্লেখ করে গত সোমবার বিকেলে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

পাবনায় ছুরিকাঘাত ও অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি ঘটেছে ওই উপজেলার হিমাইতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। রোববার রাতে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল ও পরে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

পরিবার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার মালিগাছা গ্রামের কিশোরীকে (১৬) দেড় বছর আগে সপ্তম শ্রেণিতে পড়ার সময় পাশের গ্রামের উজ্জ্বল হোসেনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। সাত মাস পর সংসার ছেড়ে বাবার বাড়িতে ফিরে আসে মেয়েটি। রোববার রাত আটটার দিকে উজ্জ্বল শ্বশুরবাড়ি এসে স্ত্রীকে নিয়ে যেতে চাইলে সে রাজি হয়নি। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে উজ্জ্বল স্ত্রীকে ছুরিকাঘাত করেন। মাটিতে পড়ে গেলে নিজের সঙ্গে থাকা অ্যাসিড ছুড়ে মারেন।

হাসপাতাল সূত্র জানায়, ছুরির আঘাতে গৃহবধূর পেটের কিছু অংশ কেটে গেছে। এ ছাড়া অ্যাসিডে মুখ-পিঠসহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে।

পাবনা সদর থানার ওসি আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, গৃহবধূর বাবা উজ্জ্বলকে আসামি করে একটি মামলা করেছেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।