স্বামীর জামিনের কথা বলে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
মাদকের মামলায় কারাবন্দী স্বামীকে জামিনে বের করে আনার আশ্বাস দিয়ে এক তরুণীকে (২৩) ডেকে নিয়ে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ওই তরুণীকে ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৪ মে রাতে নারায়ণগঞ্জের মাসদাইরের পাকাপুল এলাকায়।
এ ঘটনায় মেয়েটির বাবা পরদিন ফতুল্লা মডেল থানায় মামলা করেন। পুলিশ তরুণীর স্বামীর বন্ধু ইমরান হোসেন ও মামুন হোসেন আশেককে গ্রেপ্তার করেছে।
তরুণীর বাবা জানান, সাড়ে তিন বছর আগে তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জামাতা মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। অনেক বাধা দিয়েও কোনো কাজ হয়নি। ছয় মাস আগে জামাতাকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। মেয়ে ধারদেনা করে তাঁর স্বামীকে কারাগার থেকে বের করে আনেন। তিন মাস আগে জামাতাকে আবার মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ।
তরুণীর বাবা আরও বলেন, ‘৪ মে দুপুর ১২টার দিকে জামাতার বন্ধু ইমরান হোসেন তাঁর মেয়েকে ফোন করে জানান, জামাতাকে জামিনে বের করার বিষয়ে জরুরি কথা আছে। ওই দিন রাতে আমার মেয়েকে ডেকে নিয়ে ইমরান হোসেন ও তাঁর বন্ধু মামুন হোসেন ওরফে আশেক প্রথমে মারধর করে পরে ধর্ষণ করেন। গুরুতর অবস্থায় মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়।’ বাবা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।