স্বামীর দাবি আত্মহত্যা ভাই বলছেন হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রহিমা খাতুনের (২৫) স্বামীর দাবি, তাঁ স্ত্রী আত্মহত্যা করেছেন। ভাইয়ের অভিযোগ, স্বামীর নির্যাতনেই তাঁর বোনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত গৃহবধূর স্বামী সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের কৃষক ফরিদ আহমদের ভাষ্য, গতকাল সকাল সাতটার দিকে তিনি বাড়ি থেকে বাজারে যান। সাড়ে আটটার দিকে ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। স্ত্রী রহিমা খাতুনকে অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়া পাননি। পরে জানালা দিয়ে দেখেন, ঘরের ভেতরে তাঁর স্ত্রীর লাশ ঝুলছে। এ সময় চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘটনাটি দেখেন।
তবে রহিমার বড় ভাই ইব্রাহিম খলিলের অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর বোনকে স্বামী ফরিদ আহমদ নানা অজুহাতে নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিসও হয়। এসব সালিসে ফরিদকে সতর্ক করা হয়। খলিলের অভিযোগ, স্বামীর নির্যাতনেই তাঁর বোনের মৃত্যু হয়েছে।
সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এরপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
চাটখিলে অপমৃত্যু: জেলার চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামে সিরাজুল ইসলাম (৩২) নামে এক চা দোকানি দোকানের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ ওই গ্রামের আবদুর রবের ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।