স্বামীর দায়ের কোপে স্ত্রীর কবজি বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচিতে গত বৃহস্পতিবার এক ব্যক্তি দা দিয়ে কুপিয়ে স্ত্রীর কবজি বিচ্ছিন্ন করে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় জনতা ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন ঞোসাং প্রু (২৬) নামের ওই নারী বলেন, জুমে ধান কাটতে যাওয়ার কথা বলায় স্বামী সেং ওয়াং রাখাইন ক্ষিপ্ত হয়ে ধারালো ছোরা দিয়ে তাঁর মাথায় ও পেটে আঘাত করতে থাকেন। পরে আরেকটি বড় দা নিয়ে এসে আঘাত করার সময় তিনি হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় দায়ের প্রচণ্ড আঘাতে তাঁর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল শুক্রবার বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসকেরা জানান, ঞোসাং প্রুর অবস্থা আশঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থ হতে তাঁর বেশ কিছুদিন সময় লাগবে।
ঞোসাং প্রুর বাড়ি থানচি উপজেলা সদর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে বলীপাড়া বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি ময়নাপাড়ায়।
ঞোসাং প্রুর বাবা মংথোয়াইচিং মারমা বলেন, ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিজিবির চিকিৎসকদের চিকিৎসায় রক্তক্ষরণ বন্ধ হয়। ঞোসাং প্রুর মা মেইমা মারমা বলেন, সাত বছর আগে তাঁর মেয়ের সঙ্গে মিয়ানমার থেকে আসা সেং ওয়াংয়ের বিয়ে হয়। সেং ওয়াং তেমন কোনো কাজকর্ম করতেন না। বিয়ের কিছুদিন পর থেকে মদপান করে এসে ঞোসাং প্রুকে নির্যাতন করতেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী বলেন, সেং ওয়াং রাখাইনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।