স্বামীর দেওয়া গরম পানিতে ঝলসে মারা গেলেন স্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বাড্ডায় স্বামীর দেওয়া গরম পানিতে নূরজাহান আক্তার (২৪) নামে এক স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার গুরুতর অবস্থায় নূরজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। গতকাল রোববার দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর রহমানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, নূরজাহানের শরীরের ৪০ শতাংশ ঝলসে গিয়েছিল। বেলা একটার দিকে তিনি মারা যান। নূরজাহানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে ও মিজানুরের চাঁদপুরে। উত্তর বাড্ডার একটি বাসায় তাঁরা থাকতেন। ঘটনা নিশ্চিত করে বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, নূরজাহানের মা আসিয়া বেগম বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আসামি পলাতক রয়েছেন, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।