অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
রাজধানীর মুগদা এলাকায় স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।
আজ বুধবার ভোররাত পৌনে চারটার দিকে তানজিলা রহমান (৩০) নামে ওই নারীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
স্বজনদের অভিযোগ, অন্তঃসত্ত্বা তানজিলার স্বামী শাহ আলম গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে কিলঘুষি ও পেটে লাথি মারেন। এতে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ভোররাতের দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তানজিলাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগের ভিত্তিতে স্বামী শাহ আলমকে হাসপাতালেই আটক করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, তানজিলার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর লাশ মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে।
স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে প্রায়ই তানজিলাকে নির্যাতন করতেন শাহ আলম। এ ব্যাপারে বিষয়ে শাহ আলমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পারিবারিক সূত্র জানায়, তানজিলার মা-বাবা প্রবাসী। তাঁদের বাড়ি ধামরাইয়ে। সাত বছর আগে শাহ আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি সন্তান আছে।