স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা স্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে স্বামীর নির্যাতনের শিকার হয়ে অন্তঃসত্ত্বা এক নারী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চিকিৎসকেরা বলছেন, ওই গৃহবধূর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
আহত গৃহবধূর নাম সাগরিকা খাতুন। তিনি উপজেলার বেলকুচি গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দেড় বছর আগে একই উপজেলার আনারপুর দহপাড়া গ্রামের এনামুল হকের সঙ্গে সাগরিকার বিয়ে হয়। বিয়ের আগে থেকেই এনামুল এলাকায় জুয়া, তাস খেলাসহ নানা ধরনের অনৈতিক কাজে জড়িত ছিলেন। বিয়ের পর এসব ঘটনার প্রতিবাদ করায় এনামুল সাগরিকাকে প্রায়ই মারধর করতেন।
৩ মার্চ এনামুল বাড়ির পাশে জুয়া খেলতে বসেন। এ সময় সাগরিকা প্রতিবাদ করায় এনামুল তাঁকে মারধর করেন। এতে অন্তঃসত্ত্বা সাগরিকা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ১১ মার্চ গ্রামের লোকজন, মানবাধিকারকর্মী ও পুলিশ সাগরিকাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন সাগরিকা বলেন, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। মারধরের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে সাগরিকা অসুস্থ। তাঁকে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করার আগে এর বেশি কিছু বলা যাবে না।
গতকাল সোমবার বিকেলে এনামুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের উপজেলা শাখার কর্মী আবদুস ছালাম বলেন, তাঁরা মামলা করতে সাগরিকাকে আইনি সহযোগিতা দেবেন।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন বলেন, গৃহবধূকে নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।