স্বামীর পাশে নিমেষে দগ্ধ স্ত্রী
বাসের সিটে পাশাপাশি বসে ছিলেন স্বামী ইসরাফিল আর স্ত্রী আম্বিয়া বেগম। আম্বিয়া জানালার পাশে। হঠাৎ আগুনের হলকার মতো কী যেন এসে পড়ল। ইসরাফিল কিছু ঠাহর করার আগেই আগুন গ্রাস করল আম্বিয়াকে। চোখের সামনে নিমেষে দগ্ধ হলেন আম্বিয়া। এইমাত্র পাশে বসে দিব্যি সুস্থ যে মানুষটি কথা বলছিলেন, তিনি দগ্ধ শরীর নিয়ে ককাতে লাগলেন অসহ্য যন্ত্রণায়।
গতকাল সোমবার দিবাগত রাতে বাসে এভাবেই পেট্রলবোমার আরেকটি শিকারে পরিণত হন আম্বিয়া (৫০)। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকায়।
ইসরাফিলের (৫৫) দেওয়া তথ্য অনুযায়ী, জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হবে। তাই অবরোধ-হরতাল উপেক্ষা করেই পুলিশ পাহারায় গতকাল সোমবার রাতে বাসে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যান ইসরাফিল ও আম্বিয়া। নিরাপদেই রাজশাহী পৌঁছান তাঁরা। সেখানে প্রায় তিন ঘণ্টা বাসস্ট্যান্ডে দাঁড়ায় বাসটি। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় বাসটি ঢাকার উদ্দেশে ছাড়ে। এই যাত্রাপথেই আম্বিয়ার ওপর ছোবল হানে সর্বনাশা পেট্রলবোমা।
গতকাল রাতের ভীতিকর ও মর্মন্তুদ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে ইসরাফিল বলেন, শিশির পরিবহনের যাত্রীবাহী বাসটি রাজশাহী নগরের রেশম ভবনের সামনে পৌঁছালে চার-পাঁচজন দুর্বৃত্ত পেট্রলবোমা ছুড়ে মারে। ওই সময় বাসের বি-১ ও বি-২ আসনে তাঁরা স্বামী-স্ত্রী বসে ছিলেন। জানালার পাশে বসে থাকার কারণে আম্বিয়ার শরীরে এসে পড়ে পেট্রলবোমা। আগুনে আম্বিয়ার মুখ, গলার বাঁ পাশ ও দুই হাত আগুনে পুড়ে যায়। ওই সময় আতঙ্কে বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হন আরও দুজন। তাঁরা হলেন ঝালকাঠির বারইকুড়াল এলাকার আবু সুফিয়ান (৫০) ও তাঁর ছেলে মাইনুল ইসলাম (২০)। একই হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে তাঁরা চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসের অন্য যাত্রীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলমের ভাষ্য, হামলাকারীরা বাসটিকে লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযানে চলছে।
জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাকে ঢাকায় গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল পালিত হয়। সারা দেশে আজ ১৫তম দিনের মতো চলছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ।