স্বামীর প্ররোচনায় নারীরা জঙ্গিবাদে: মনিরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব আশকোনার ‘সূর্য ভিলা’ থেকে আত্মসমর্পণকারী নারীরা স্বামীর প্ররোচনায় জঙ্গিবাদে জড়িয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। খবর বাসসের।

মনিরুল ইসলাম বলেন, বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে জানা যায়, জঙ্গিবাদে নারীদের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁরা নিরুপায় হয়ে জঙ্গিবাদের পথে এসেছেন। স্বেচ্ছায় তাঁরা এ পথে আসেননি।

মনিরুল ইসলাম বলেন, আশকোনার ভাড়া বাসাটিতে চারটি পরিবার থাকত। তানভীর কাদেরির ছেলে সেখানে থাকত। এর আগে আজিমপুরের আস্তানাতেও চারটি পরিবার ছিল। সেখানে অবসরপ্রাপ্ত মেজর জাহিদের পরিবারও থাকত। তিনি আরও বলেন, সেখানে তাদের আংশিক পুড়ে যাওয়া টাকা, অফিসিয়াল কাগজপত্র এবং অস্ত্র ও গ্রেনেড পাওয়া গেছে। তিনটি সুইসাডাইল ভেস্ট পাওয়া গেছে রেডি অবস্থায়। বড়দিন উপলক্ষে হয়তো তাদের বড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল।

মনিরুল ইসলাম বলেন, ‘আশকোনার বাসাটি আত্মগোপনে থাকা জঙ্গি মুসার ভাড়া বাসা। সে কয়েক দিন পর পর আসত। তার স্ত্রী ও কন্যা সেখানে থাকত। সেখানে অন্য কারও কারও যাতায়াত ছিল। আমরা তাদের সাংগঠনিক নাম ও আংশিক তথ্য পেয়েছি। ওই বাসায় কীভাবে গ্রেনেড ও বিস্ফোরক এসেছে, তা মুসাকে গ্রেপ্তার করা সম্ভব হলে জানা যাবে।’ তিনি বলেন, নারীদের জঙ্গি হয়ে ওঠা ব্যতিক্রম ঘটনা। জঙ্গিদের প্রবণতা নারীরা তাদের সাপোর্ট ও সেবা দেবে এবং কিশোর-শিশুদের জঙ্গি আদর্শের শিক্ষা দেবে। তিনি আরও বলেন, স্বামী জেলে আছে কিংবা মারা গেছে বিধায় এসব নারী হতাশায় ভুগছিলেন। তাঁদের আশ্রয়ও নেই। সে কারণে আত্মঘাতী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মনিরুল ইসলাম বলেন, গত শনিবার ‘রিপল টোয়েন্টি ফোর’ জঙ্গিবিরোধী অভিযানের চার থেকে পাঁচ দিন আগে আশকোনার আস্তানায় মুসা এসেছিল বলে জানা গেছে। তিনি বলেন, এখন নব্য জেএমবির নেতৃত্ব দেওয়ার মতো শীর্ষ কোনো ব্যক্তি না থাকায় মুসাই নব্য জেএমবিকে নেতৃত্ব দিচ্ছে।