স্বামীর প্রহারে গুরুতর আহত স্ত্রী
স্বামীর প্রহারে গুরুতর আহত এক গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম কল্পনা আক্তার (৩০), বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। যৌতুক না দেওয়ায় তাঁকে স্বামী শাহ আলম বেদম মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
কল্পনার ভাই ফয়সাল আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার নাউঘাট এলাকায়। ১৪ বছর আগে পাশের বাড়ির শাহ আলমের সঙ্গে কল্পনার বিয়ে হয়। শাহ আলম রাজধানীর বংশালে একটি প্রিন্টিংয়ের দোকানে কাজ করেন। তিনি বিভিন্ন অজুহাতে শ্বশুর পক্ষের কাছে টাকা দাবি করতে থাকেন। ইতিমধ্যে তাঁকে প্রায় এক লাখ টাকাও দেওয়া হয়েছে। কিন্তু তাঁর টাকা চাওয়া বন্ধ হয়নি। সর্বশেষ গত বুধবার টাকা না দেওয়ায় কল্পনাকে বেদম মারধর করেন শাহ আলম।
ফয়সাল জানান, মারধরের পর গুরুতর আহত কল্পনাকে শাহ আলম প্রথমে রাজধানীর বংশালে মালিটোলায় তাঁর বোনের বাসায় নিয়ে যান। শাহ আলম ও তাঁর পরিবারের লোকজন পরে খবর পেয়ে গত শুক্রবার দুপুরে তাঁরা বংশাল থানা-পুলিশের সহায়তায় কল্পনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।
এ ঘটনায় শাহ আলমসহ তাঁর পরিবারের আরও তিনজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কল্পনার স্বামী ঢাকায়। তাঁর অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
তবে স্বামী শাহ আলম মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, রান্না না করায় তর্কাতর্কির একপর্যায়ে হোঁচট খেয়ে পড়ে তাঁর স্ত্রী আহত হয়েছে।