স্বামীর বিরুদ্ধে কুপিয়ে হত্যার অভিযোগ
দাম্পত্য কলহের জের ধরে শেরপুরের নালিতাবাড়ীতে গত শনিবার বিলকিস বেগম (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শাশুড়ি, মামাশ্বশুর ও দুই প্রতিবেশী নিবৃত্ত করতে গেলে তাঁদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
প্রতিবেশীরা রাতে স্বামী ইসমাইল হোসেনকে (৩৩) আটক করে পুলিশের হাতে তুলে দেন। ইসমাইল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চরগুরুপপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ, পরিবার ও প্রতিবেশীরা বলেন, বছর দশেক আগে নালিতাবাড়ীর কাকরকান্দি গ্রামের আমজাদ আলীর মেয়ে বিলকিসের সঙ্গে ইসমাইল হোসেনের বিয়ে হয়। বিলকিস ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। ঈদের আগের দিন বিলকিস ছয় বছরের মেয়েকে নিয়ে বাবার বাড়ি আসেন। শনিবার ইসমাইল শ্বশুরবাড়িতে আসেন। রাত সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে ইসমাইল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে বিলকিসকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
এ সময় তাঁকে নিবৃত্ত করতে এসে শাশুড়ি খালেদা বেগম, মামাশ্বশুর নুর ইসলাম, প্রতিবেশী কুদ্দুস মিয়া ও অজুফা বেগম গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা ইসমাইলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত ব্যক্তিদের রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিলকিসকে মৃত ঘোষণা করেন।
উন্নত চিকিৎসার জন্য রাতেই অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় গতকাল রোববার নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
অভিযুক্ত ইসমাইলকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল বারি।