স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ গোরকাটা গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। গত বুধবার রাতে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ওই গৃহবধূর নাম রোমানা আক্তার (১৯)। তিনি চারিদ্রোন গ্রামের মো. ইয়াছিনের মেয়ে এবং দক্ষিণ গোরকাটা গ্রামের আমির হোসেনের স্ত্রী।
রোমানা আক্তার বলেন, দেড় বছর আগে তাঁর বিয়ে হয়। সে সময় আমির হোসেন ব্যবসার কথা বলে তাঁর বাবার কাছ থেকে এক লাখ টাকা যৌতুক নেন। কিছুদিন পর তাঁকে আরও দুই লাখ টাকা এনে দিতে বলেন। অস্বীকার করলে প্রায়ই তাঁর ওপর নির্যাতন চালানো হতো। অনাগত সন্তানের কথা ভেবে তিনি নির্যাতন সহ্য করেন। সপ্তাহ খানেক আগে শ্বশুরবাড়ির লোকজন মারধর করে পাঁচ মাসের সন্তানকে রেখে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। দুই দিন পর শ্বশুরবাড়িতে ফিরে এলে আবার মারধর করে তাঁকে আটকে রাখা হয়। তাঁর বাবা ঘটনাটি থানায় জানালে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কথা বলার জন্য আমির হোসেন ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার বলেন, পুলিশ ওই গৃহবধূকে আহতাবস্থায় স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে। এ ঘটনায় গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।