
নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আগেই এক সন্তানসহ খুন হলেন রাজধানীর মিরপুরের গৃহবধূ আইরিন আক্তার। এ কথা জানিয়ে তাঁর বড় বোন নিগার সুলতানা বলেছেন, কাল শনিবার স্বামী আমানুল্লাহর বিরুদ্ধে মিরপুর থানায় জিডি করার কথা ছিল আইরিনের।
আইরিনের পরিবার হত্যার জন্য আমানুল্লাহকে দায়ী করলেও পুলিশের জিজ্ঞাসাবাদে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
গত বুধবার সন্ধ্যায় মিরপুরের মধ্য পাইকপাড়ার ভাড়া বাসায় আইরিন (৩০) ও তাঁর আট বছরের ছেলে সাবিত হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্বামী পূবালী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার কর্মকর্তা আমানুল্লাহকে আটক করা হয়। এ হত্যার ঘটনায় গতকাল করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবিত পাইকপাড়া আইকন কোচিং সেন্টারে কেজি ওয়ানে পড়ত। আইরিনের অপর ছেলে দেড় বছর বয়সী আবিদ হোসেনকে নিগার সুলতানা তাঁর দক্ষিণ পাইকপাড়ার বাসায় নিয়ে গেছেন।
গতকাল দুপুরে নিগার সুলতানার বাসায় গেলে তিনি বিলাপ করে প্রথম আলোকে বলেন, দেড় বছর ধরে এক নারীর সঙ্গে আমানুল্লাহর সম্পর্ক ছিল। এর জের ধরেই আইরিন ও তাঁর নিষ্পাপ ছেলেকে হত্যা করেছেন আমানুল্লাহ। ওই নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জানার পরই আইরিনের ওপর নির্যাতন শুরু হয়। মাস চারেক আগে আমানুল্লাহ বঁটি নিয়ে আইরিনকে খুন করতে গিয়েছিলেন। তখন আইরিন একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে রক্ষা পেয়েছিলেন। স্বজনেরা বিষয়টি মীমাংসা করতে একাধিকবার সালিস বৈঠক করলেও লাভ হয়নি।
নিগার সুলতানা অভিযোগ করেন, আইরিন যেন সংসার ছেড়ে চলে আসেন, সে জন্য তাঁর সঙ্গে সাবিতকেও মারধর করতেন আমানুল্লাহ। কিন্তু দুটি ছেলের ভবিষ্যতের কথা ভেবে সব নীরবে সয়ে গেছেন। গত মঙ্গলবার আইরিন বাসায় এসে তাঁকে বলেছেন, নির্যাতনের কথা থানায় জানালে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে লটকিয়ে রাখার হুমকি দিয়েছেন আমানুল্লাহ। স্বামী তাঁকে মেরে ফেলবেন—এমন শঙ্কাও প্রকাশ করেন আইরিন। সেদিনই সিদ্ধান্ত হয়, শনিবার (আগামীকাল) আমানুল্লাহর বিরুদ্ধে থানায় জিডি করে আইরিন পঞ্চগড়ে মা-ভাইদের কাছে চলে যাবেন। কিন্তু এর আগেই সব শেষ হয়ে গেল। বলতে বলতে ডুকরে কেঁদে ওঠেন নিগার।
খবর পেয়ে পঞ্চগড় থেকে সকালে মা ও ভাইয়েরা এসে নিগার সুলতানার বাসায় উঠেছেন। ওই বাসায় ছিল কান্নার রোল। আইরিনের মা রহিমা বেগম তাঁর মেয়ে ও নাতির হত্যাকারীর ফাঁসির দাবি জানান। আইরিনের ছোট ছেলে ‘আম্মু আম্মু’ বলে কাঁদছে। স্বজনেরা তার কান্না থামাতে পারছেন না।
আইরিন ও সাবিত হত্যার ঘটনায় বিকেলে আমানুল্লাহকে আসামি করে মিরপুর থানায় মামলা করেন আইরিনের চাচা ইউনুস হাওলাদার। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মা ও ছেলের লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার করিয়ায় নিয়ে যাওয়া হয়। স্বজনেরা জানান, আইরিনের বাবা আবদুর রহমানের কবরের পাশে তাঁদের লাশ দাফন করা হবে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মো. নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী আমানুল্লাহ স্ত্রী ও সন্তানকে হত্যা করেছেন। কিন্তু তিনি এখনো হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করছেন। অসংলগ্ন কথাবার্তায় তাঁর ওপর সন্দেহ বেড়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার রিমান্ডের আবেদন জানিয়ে তাঁকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানায়, আমানুল্লার সঙ্গে সম্পর্ক থাকা নারীকে এবং আমানুল্লাহর বাড়ির দারোয়ান আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।