স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে হামিদা খাতুন নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চৌরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হামিদা একই গ্রামের শাহেদ আলীর মেয়ে।
এলাকাবাসী সূত্র জানায়, চৌরী গ্রামের আবদুল হাকিমের ছেলে আবদুস সালাম ও তাঁর স্ত্রী হামিদা খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গতকাল আবদুস সালাম তাঁর স্ত্রী হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে গ্রামে প্রচার করেন। পরে এক পল্লি চিকিৎসক এসে হামিদাকে দেখে তাঁর মৃত্যু নিশ্চিত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আবদুস সালামকে আটক করে।
হামিদার বাবা শাহেদ আলী বলেন, ‘আবদুস সালাম দীর্ঘদিন ধরেই আমার মেয়ের ওপর নির্যাতন করতেন। তিনিই আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছেন।’ নিহত গৃহবধূর দেবর আবদুল মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ভাবি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মারা গেছেন।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।