স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সূর্যবান গ্রামে বিউটি বেগম নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে বিউটি বেগমের স্বামী আবদুস সালাম পলাতক রয়েছেন।
এ ঘটনায় বিউটির চাচা জহুরুল হক গতকাল শুক্রবার আবদুস সালামকে আসামি করে ক্ষেতলাল থানায় হত্যা মামলা করেছেন।
ক্ষেতলাল থানার ওসি মুনিরুল ইসলাম জানান, বিউটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর স্বামী পলাতক থাকায় বিষয়টি বিউটির পরিবারে সন্দেহের সৃষ্টি করেছে। জয়পুরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল পরিবারের কাছে বিউটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।
থানা-পুলিশ ও বিউটি বেগমের পরিবার সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে স্বামী-সন্তান নিয়ে বিউটি বেগম বাড়িতে ঘুমিয়ে পড়েন। গতকাল ভোরে বিউটির শিশুপুত্র সিয়াম বাবাকে না পেয়ে তার মাকে ডাকতে থাকে। কিন্তু তার মায়ের কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির অন্যরা এগিয়ে এসে বিউটির মৃতদেহ ঘরে বিছানায় পড়ে থাকতে দেখেন। এর পর থেকে আবদুস সালাম পলাতক এবং তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
বিউটির পরিবারের দাবি, তাঁকে বিষাক্ত কোনো কিছু খাইয়ে অথবা শ্বাসরোধে হত্যা করা হতে পারে।