স্বামীর মৃত্যু সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকার একটি বাসা থেকে থেকে গত শুক্রবার বিকেলে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, স্বামীর মৃত্যু সইতে না পেরে স্ত্রীও আত্মহত্যা করেছেন। মারা যাওয়া দুজন হলেন স্বামী বিপুল মিয়া (২১) ও স্ত্রী লিমা আক্তার (১৯)।

চান্দগাঁও থানা-পুলিশ জানায়, কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন বিপুল মিয়া ও লিমা আক্তার। তিন মাস আগে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর তাঁরা শমসেরপাড়ার বাদশা মিয়া কলোনিতে একটি বাসা ভাড়া নেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, বিপুল মিয়া কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। গত শুক্রবার তাঁর অবস্থার অবনতি হয়। শুক্রবার বিকেলের দিকে পরিবারের লোকজন এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু কেউ দরজা না খোলায় প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, খাটে বিপুল মিয়ার নিথর দেহ পড়ে আছে। এ সময় ঘরের চালার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় লিমাকে দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশ এসে দুজনের লাশ উদ্ধার করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবীর প্রথম আলোকে বলেন, স্বামীর মৃত্যুর পর হতাশা থেকে স্ত্রী লিমা আত্মহত্যা করেছেন বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। দুটি লাশের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।