স্বামীর মৃত্যুর পরদিন স্ত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির জমে থাকা পানিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে লিটন হাওলাদার (৩০) নামের এক দোকান কর্মচারী মারা গেছেন গত বুধবার। গতকাল বৃহস্পতিবার বিকেলে দনিয়ার বাসা থেকে তাঁর স্ত্রী লাকি আক্তারের (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। লাকির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
কদমতলী থানার পুলিশ জানায়, লিটন হাওলাদার তাঁর স্ত্রী লাকি আক্তারকে নিয়ে দনিয়ার বাসায় থাকতেন। গতকাল বিকেলে পুলিশ ওই বাসা থেকে লাকি আক্তারের লাশ উদ্ধার করে। নিঃসন্তান লিটন হাওলাদারের মা-বাবা পাশের বাসায় ভাড়া থাকতেন। তাঁরা থানায় ফোন করে লাকির মৃত্যুর খবর দেন।
পুলিশ জানায়, পুলিশ লাকির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লাকি আক্তারের শ্বশুর-শাশুড়িকে থানায় নেওয়া হয়েছে।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি। তবে লাকির শ্বশুর-শাশুড়ি দাবি করেছেন, গোঙানির শব্দ পেয়ে তাঁরা দরজা ভেঙে লাকিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। সেখান থেকে দড়ি কেটে লাকিকে নামিয়ে তাঁরা থানায় খবর দেন। শ্বশুর-শাশুড়ি মনে করছেন, স্বামীর শোকে লাকি আত্মহত্যা করেছেন।
ওসি বলেন, লাকি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তাঁরা ধারণা করছেন।
লাকির স্বামী লিটন কদমতলীর আয়েশা মোশাররফ মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। গত বুধবার সকালে মার্কেটের পূর্ব ফটকের সামনে বৃষ্টির পানি জমে যায়। সেখানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে পানির মধ্য দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিলেন ওই মার্কেটের আল মদিনা কাপড়ের দোকানমালিক মো. ইউনূস (৪৫), তাঁর ভাগনে সাইদুল ইসলাম (৩৪) ও কর্মচারী মো. লিটন (৩০)। এ সময় তাঁরা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় চিকিৎসক দোকানের কর্মচারী লিটনকে মৃত ঘোষণা করেন। দোকানমালিক মো. ইউনূস ও তাঁর ভাগনে সাইদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।