স্বামীর লাশ উদ্ধার স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়ার একটি লবণ মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নিহত মোহাম্মদ বাবুল (৩৮) মাছ ধরার ট্রলারে কাজ করতেন। গতকাল শনিবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর স্ত্রী রেখা আকতারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বাবুল উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মাতবরপাড়ার মৃত নূর মোহাম্মদের ছেলে।
কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (বিন্দাপাড়া) ইউপি সদস্য ফরিদুল আলম বলেন, শনিবার ভোরে লবণ মাঠে হাত-পা বাঁধা অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বড়ঘোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আখতার উদ্দিন নিহত মোহাম্মদ বাবুলের পরিবারের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের বলেন, বাবুল মাছ ধরার ট্রলারে নাইয়ার (জেলে)। স্ত্রী মারা যাওয়ার পর চার মাস আগে উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লারপাড়া গ্রামের রেখা আকতারকে বিয়ে করেন তিনি। শুক্রবার শ্বশুরবাড়িতে গিয়ে আর ফেরেননি। শনিবার সকাল আটটার দিকে তাঁর স্ত্রী শ্বশুরবাড়ির লোকজনকে ফোন করে জানান, তাঁকে (রেখা) নির্যাতন করে স্বামীকে সাত-আটজন দুর্বৃত্ত তুলে নিয়ে গেছে। এরপর বাবুলের মরদেহ খুঁজে পাওয়া যায়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অং সা থোয়াই প্রথম আলোকে বলেন, বাবুলকে শ্বাস রোধ করে হত্যার পর লবণ মাঠে হাত-পা বেঁধে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে।