স্বামীর লুকোচুরিতে বিপন্ন স্ত্রী ও দুই মেয়ের জীবন
ভালো-মন্দ মিলিয়েই জীবন কাটছিল তাঁর। সবে তিরিশে পা দিয়েছেন। সাড়ে পাঁচ বছরের সংসার জীবনে ঘর আলো করে এসেছে এক ছেলে, এক মেয়ে। এর মধ্যে আবারও অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি। মাসখানেক আগে হঠাৎ তাঁর জীবনে বিপর্যয় নেমে আসে। মারা যান স্বামী। এর পর আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছিল তাঁর জন্য। ১৮ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতিসেবাকেন্দ্রে গিয়ে যা শুনলেন, তাতে মাথায় আকাশ ভেঙে পড়ল তাঁর।
চিকিৎসকেরা জানান, গৃহবধূ এইচআইভি ভাইরাসে আক্রান্ত। তাঁর বড় মেয়ের বয়স সাড়ে চার। ছেলের দুই বছর। দুজনের রক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, মেয়েটির শরীরে বাসা বেঁধেছে এইডস। গৃহবধূর জীবনের বিভীষিকা এখানেই শেষ হয়নি। তাঁর স্বামীর আগের সংসারের দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। সেই তিন সন্তান তাঁর সঙ্গেই থাকে। বড় মেয়ের বয়স ১৯, মেজ মেয়ের বয়স ১৫। ছোট ছেলের বয়স ১৩। তাদেরও রক্ত পরীক্ষা করা হয়। এইচআইভি ভাইরাস ধরা পড়েছে মেজ মেয়েটির।
চিকিৎসকেরা বলছেন, সদ্য প্রয়াত স্বামীর মাধ্যমেই গৃহবধূ ও দুই মেয়ে এইডসে আক্রান্ত হয়েছে। এ অবস্থায় গৃহবধূর একমাত্র চিন্তা অনাগত শিশুটি যেন এইডস আক্রান্ত না হয়। চিকিৎসকেরাও সে চেষ্টা করছেন। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) প্রকল্পের আওতায় চিকিৎসা নিচ্ছেন। এইচআইভি আক্রান্ত দুই মেয়ে বেসরকারি সংস্থা আশার আলো সোসাইটিতে চিকিৎসা নিচ্ছেন।
এইডস রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এ কি এম সিরাজুল ইসলাম বলেন, এইডস আক্রান্ত মা-বাবা থেকে জন্ম নেওয়া সন্তানেরাও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তবে শতকরা ২০ ভাগ ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। যে দুটি ছেলে এইচআইভি ভাইরাসমুক্ত পাওয়া গেছে, সেটি ওই ব্যতিক্রমের জায়গা থেকেই।
আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন জরুরি জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, একটা লোক জেনেশুনে ওই নারী ও সন্তানদের ঝুঁকিতে ফেললেন। এটা অপরাধ। প্রসূতিদের এইচআইভি পরীক্ষা করা উচিত।
পরিবার সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি গৃহবধূর স্বামী চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন জ্বরসহ নানা অসুখে ভুগছিলেন। ৪৫ বছর বয়সী স্বামী যে এইচআইভি আক্রান্ত, সেটা গৃহবধূ এবং চিকিৎসকেরাও জানতেন না।
ওই গৃহবধূ বলেন, ২০১১ সালের ৯ ডিসেম্বর তাঁর বিয়ে হয়। এর ৩৫ দিন আগে তাঁর স্বামীর প্রথম স্ত্রী মারা যান। বিয়ের পর জানতে পারেন, তাঁর স্বামী আগে বিদেশে থাকতেন। অসুস্থতার কারণে দেশে চলে আসেন। কিন্তু এইডসের কারণে যে তিনি দেশে ফিরেছিলেন, তা এখন বুঝতে পারছেন। তাঁর কাছে লুকানো হয়েছিল পুরো ঘটনা।
গৃহবধূ বলেন, তাঁর সদ্য প্রয়াত স্বামী ১৯৯৬ সালে প্রথম বিয়ে করেন। এর পরের বছর তিনি বিদেশে চলে যান। তখন তাঁর বড় মেয়ে হয়। এর মধ্যে তিনি কয়েকবার দেশে আসা-যাওয়া করেন। ২০০৮ সালে বিদেশ থেকে স্থায়ীভাবে দেশে চলে আসতে বাধ্য হন। তাঁর স্বামীর প্রথম স্ত্রী ২০১১ সালে মারা যান। তিনিও জ্বরসহ স্বামীর মতোই একই ধরনের রোগে ভুগে মারা গেছেন বলে শুনেছেন। এখন চিকিৎসকদের ধারণা, প্রথম স্ত্রীও স্বামীর মাধ্যমে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
চমেক হাসপাতালের পিএমটিসিটি প্রকল্পের প্রোগ্রাম ব্যবস্থাপক মো. আলী হোসেন বলেন, ওই নারী স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে চমেক হাসপাতালের মডেল ক্লিনিকে প্রসূতিসেবা নিতে আসেন। তখন অন্যান্য প্রসূতির মতো তাঁরও এইচআইভি পরীক্ষা করা হয়। সেখানে ধরা পড়ে, তাঁর এইচআইভি আক্রান্ত হওয়ার বিষয়টি।
পিএমটিসিটি প্রকল্পের পরিচালক ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. জালাল উদ্দিন বলেন, একজনের কারণে বাকি চারজনের জীবন এখন বিপন্ন। ওই লোকটি হয়তো লুকিয়েছেন পরিবারের কাছে এমন রোগের কথা। পরের দুটি ছেলে কীভাবে ভাইরাসমুক্ত থাকল জানতে চাইলে তিনি বলেন, এটা খুব কম দেখা যায়। বেশির ভাগ সময়ই মায়ের কাছ থেকে এই ভাইরাস সন্তান জন্মগতভাবে পেয়ে যায়। কিন্তু আশার কথা হলো, দুই ছেলে ওই ভাইরাসমুক্ত রয়েছে। অনাগত শিশুটিকে কীভাবে মুক্ত রাখা যায়, এখন সে চেষ্টা চলছে।