স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক গৃহবধূকে (৩০) তাঁর স্বামীর সামনেই গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর স্বামী রিকশাচালক। উপজেলা সদরের একটি বাড়িতে তাঁরা ভাড়া থাকেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
গতকাল রোববার বিকেলে গৃহবধূর স্বামী মুঠোফোনে প্রথম আলোকে অভিযোগ করেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে তিনি ও তাঁর স্ত্রী ঘরে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় তাঁর স্ত্রী পানি আনতে ঘরের বাইরে যান। তখন আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় যুবক দীপ্ত দেবের (২০) নেতৃত্বে তার সহযোগী সজীব দেব (২১), বোরহান উদ্দিন (২২), রুবেল মিয়া (২০) ও সাদ্দাম হোসেন তাঁর স্ত্রীর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর স্ত্রীকে ঘরের ভেতরে নিয়ে এসে তাঁদের দুজনের মুখে কাপড় গুঁজে দেয়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে (স্বামী) বেঁধে ফেলে হামলাকারীরা তাঁর সামনেই স্ত্রীকে ধর্ষণ করে।
নির্যাতনের শিকার গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক জিয়াউল ইসলাম বলেন, গৃহবধূর শরীরে আঁচড়ের চিহ্ন রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দীপ্ত দেবের আত্মীয় নাসিরনগর উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব প্রথম আলোকে বলেন, ‘এটি কোনো ধর্ষণের ঘটনা নয়। দীপ্তসহ পাঁচ বন্ধুকে মারধর করে তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।’ দীপ্ত দেবের মুঠোফোন বন্ধ পাওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গতকাল বিকেলে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।