স্বামীর সেবা করতে এসে ফিরলেন লাশ হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত জানুয়ারি মাসে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন শাহানা আক্তার (৪৫)। এরপর পুলিশ স্বামী মনির হোসেনকে ধরতে বাড়িতে গেলে দোতলা থেকে লাফ দিয়ে পড়ে পা কেটে ফেলেছিলেন তিনি। আহত স্বামীর সেবা করতে বাবার বাড়ি থেকে আবার শ্বশুরবাড়িতে এসেছিলেন শাহানা। অভিযোগ, সেবা করতে এসে স্বামীর নির্যাতনে তাঁকে ফিরতে হলো লাশ হয়ে।

গত রোববার সকালে রাজধানীর রামপুরার মুক্তির মসজিদ গলির বাসায় স্বামীর মারধরে শাহানার মৃত্যুর অভিযোগে রামপুরা থানায় মামলা করেছেন তাঁর ভাই সাইফুদ্দিন। মামলার আসামি মনির হোসেনকে পুলিশ গতকাল সোমবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

সাইফুদ্দিন গতকাল বলেন, ১৬ বছর আগে মনির হোসেনের সঙ্গে তাঁর বড় বোন শাহানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি ছিল মনিরের। এ কারণে নানাভাবে নির্যাতন করা হতো শাহানাকে। এ অবস্থায় শাহানার ছেলে-মেয়ে নানার বাড়িতে থেকে বড় হচ্ছিল। গত জানুয়ারিতে শাহানা জিডি করার পর পুলিশ তৎপর হয়। শাহানাও ফেনীতে বাবার বাড়ি চলে যান। তদন্তকারী কর্মকর্তা একাধিকবার তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। সর্বশেষ মাস দেড়েক আগে পুলিশ বাসায় মনিরকে ধরতে গেলে তিনি পালানোর সময় পা কেটে ফেলেন। স্বামীর আহত হওয়ার খবর শুনে শাহানা সেবা করার জন্য ঢাকায় ছুটে আসেন। কিন্তু স্বামী একটু ভালো হওয়ার পর থেকেই আবার শুরু হয় নির্যাতন।

এসব বলার সময় কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন সাইফুদ্দিন।

রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, গত জানুয়ারিতে জিডি করার পর শাহানা বাবার বাড়িতে চলে যান। এরপর তিনবার শাহানার বাড়িতে জিডির তদন্তকারী কর্মকর্তা গেলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর সঙ্গে তখন যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন ঢাকায় ফিরে থানায় আসবেন। কিন্তু আসেননি। সর্বশেষ গত মাসে তাঁর স্বামী মনিরকে ধরতে পুলিশ গেলে মনির বাড়ির দোতলার চোরা জানালা দিয়ে টিনের ওপর লাফিয়ে পড়ে পালিয়ে যান। কিন্তু তাঁর পা আনেকখানি কেটে যায়, পরে সেখানে ৪০টি সেলাই দিতে হয়।

পুলিশ বলেছে, মনিরকে ধরতে অভিযান চলছে। কিন্তু তিনি খুব ধুরন্ধর।