স্বামীর হাতে স্ত্রী ও ছেলের হাতে বাবা খুনের অভিযোগ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি তাঁর বাবাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ছোট শেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। একই দিন শাল্লা উপজেলায় রেশমা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
একই দিন রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কনিকা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার ছোট শেওড়া গ্রামের মছব্বির মিয়ার (৬৫) সঙ্গে ছেলে দেলোয়ার হোসেনের (৩৫) কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে দেলোয়ার হোসেন তাঁর হাতে থাকা অ্যালমুনিয়ামের জগ দিয়ে মছব্বির মিয়ার ঘাড়ে কয়েকটি আঘাত করেন। ঘটনাস্থলেই মছব্বির মারা যান। পরে প্রতিবেশীরা এসে দেলোয়ারকে আটক করে পুলিশকে খবর দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দেলোয়ারকে আটক করা হয়েছে।
শাল্লা থানার পুলিশ ও নিহত গৃহবধূর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় বছর আগে উপজেলার আটগাঁও গ্রামের বাদল মিয়া সঙ্গে জগন্নাথপুর উপজেলার তেলিকোনা গ্রামের আবু মিয়ার মেয়ে রেশমা বেগমের বিয়ে হয়। এর আগেও বাদল মিয়া আরেকটি বিয়ে করেছিলেন। আগের স্ত্রী আত্মহত্যা করার পর তিনি রেশমাকে বিয়ে করেন। মঙ্গলবার সকালে বাদল মিয়া ফোন করে তাঁর শ্বশুর আবু মিয়াকে জানান, রেশমা অসুস্থ। তাঁকে হাসপাতালে নিতে হবে। খবর পেয়ে আবু মিয়া ওই বাড়িতে গিয়ে রেশমাকে প্রথমে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেশমা মারা যান।
আবু মিয়া অভিযোগ করেন, বাদল মিয়া প্রায়ই তাঁর মেয়েকে মারধর করতেন। বাদল নির্যাতন করে রেশমাকে হত্যা করেছেন। শাল্লা থানার ওসি আনিসুর রহমান জানান, রেশমার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রেশমার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাদলকে আটক করা হয়েছে।
ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর আগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাদি গ্রামের আবদুর রহমানের মেয়ে কনিকা আক্তারের সঙ্গে ত্রিশালের পাড়াধানিখোলা গ্রামের শাজাহান মিয়ার বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি সন্তানের জন্ম হয়। কয়েক বছর আগে ওই দম্পতি পোশাক কারখানায় কাজ করতে ঢাকায় যান। কয়েক মাস আগে তাঁরা পুনরায় গ্রামের বাড়িতে ফিরে আসেন। দীর্ঘদিন ধরেই ওই দম্পতির মধ্যে কলহ চলছিল। ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরার পর কলহের মাত্রা আরও বেড়ে যায়।
দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাজাহান মিয়া উত্তেজিত হয়ে হাতের কাছে থাকা কুড়াল দিয়ে কনিকার মাথায় কোপ দেন। ঘটনাস্থলেই কনিকা মারা যান। গতকাল সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ত্রিশাল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় কনিকার বাবা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে।