স্বামীর হাতে স্ত্রী খুন, ছেলের ইটে বাবা নিহত
ফরিদপুরের নগরকান্দায় দাম্পত্য কলহের জের ধরে গতকাল সোমবার স্বামীর হাতে এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার সদরের অম্বিকাপুর ইউনিয়নে ছেলের ছুড়ে মারা ইটের আঘাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।
নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বাঙ্গালকান্দা গ্রামের জলিল খান তাঁর স্ত্রী নাসিমা বেগমকে (৪৮) এলোপাতাড়ি মারধর করায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর থেকে জলিল পলাতক।
নিহতের ছোট মেয়ে (১৩) জানায়, রোববার তার বাবার সঙ্গে মায়ের ঝগড়া হয়। বাবা একপর্যায়ে তার মায়ের পেটে কয়েকটি লাথি মারেন। এতে তিনি বমি করতে থাকেন। পরে অচেতন হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন গতকাল সোমবার জানান, জলিল পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে রোববার দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় বড় ছেলের ছোড়া ইটের আঘাতে মারা যান বাবা হবি মৃধা (৬০)।
এলাকাবাসী জানান, বড় ভাই সোহেল মৃধা (৩০) ছোট ভাই জুয়েল মৃধার (২৭) স্ত্রীকে মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে রোববার বিকেলে দুই ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সোহেল বড় আকারের একটি ইট জুয়েলের দিকে ছুড়ে মারেন। ইটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা হবি মৃধার বুকে লাগে। এতে তাঁর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। একসময় তিনি অচেতন হয়ে পড়েন। তাঁকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।