স্বামীর 'উপর্যুপরি লাথি'তে অন্তঃসত্ত্বা স্ত্রী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় স্বামীর ‘উপর্যুপরি লাথি’তে গুরুতর আহত অন্তঃসত্ত্বা স্ত্রী রেখা খানমকে (১৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার তেলকাড়া গ্রামে স্বামীর বাড়িতে তিনি নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে।

রাতে স্থানীয় লোকজন রেখাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা।

রেখা কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের খবির মোল্লার মেয়ে। খবির মোল্লা পাটকলশ্রমিক।

এক বছর আগে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের নয়ন মোল্লার (২৪) সঙ্গে তাঁর বিয়ে হয়। নয়ন পেশায় নির্মাণশ্রমিক।

গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, মহিলা ওয়ার্ডে রেখা তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। চোখ দিয়ে অঝোরে ঝরছে পানি।

রেখা অভিযোগ করেন, গত সোমবার বিকেলে স্বামী তাঁকে গালাগাল করেন এবং পেটে উপর্যুপরি লাথি মারেন। এ অবস্থায় তিনি চেতনা হারিয়ে ফেলেন। প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে স্বামী তাঁকে মারধর করেন। রেখা বলেন, নয়ন মাদকাসক্ত। তিনি জুয়া খেলেন। প্রায়ই তাঁকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন। বাবা বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে দুই দফায় ৩৫ হাজার টাকা দিয়েছেন। টাকা না পেয়ে তাঁর মুঠোফোন ও কানের দুলও নয়ন বিক্রি করে দিয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন খান বলেন, পেটের ব্যথায় রেখা কাতরাচ্ছেন। চিকিৎসা চলছে। আল্ট্রাসনোগ্রাম করতে বলা হয়েছে। এর প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে পেটের বাচ্চা কী রকম আছে।

রেখার বাবা খবির মোল্লা বলেন, ‘বিয়ের পর থেকে মেয়ে স্বামীর নির্যাতনের শিকার হচ্ছে। এখন কী করব দিশা পাচ্ছি না।’

এ ব্যাপারে জানতে চাইলে নয়ন মোল্লা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কথা-কাটাকাটির একপর্যায়ে পেটে লাথি লেগেছে। মাকে ভালো সেবা করে না বলে মাঝেমধ্যে মারধর করি। তবে ওই ঋণের কিস্তি আমি মাঝেমধ্যে পরিশোধ করি।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ওই গৃহবধূর বাবা মৌখিক অভিযোগ দিয়েছেন। একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।