স্বামীর 'নির্যাতনে' হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে সুরভি আক্তার নামের এক গৃহবধূ নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। অভিযোগ রয়েছে, যৌতুক না পেয়ে ওই গৃহবধূকে ঘরে আটকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছেন মাদকাসক্ত স্বামী ও তাঁর পরিবারের লোকজন।

গত রোববার বিকেলে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম নিয়ে সুরভি আক্তার (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় গতকাল সোমবার গৃহবধূর বাবা ছহিবার রহমান বাদী হয়ে জামাতা নুর মোহাম্মদসহ ছয়জনকে আসামি করে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সুরভিদের বাড়ি বদরগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে। তাঁর বাবা ছহিবার রহমান পেশায় দিনমজুর। দুই বছর আগে একই উপজেলার গয়দাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুর মোহাম্মদের (২৬) সঙ্গে সুরভির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর নুর মোহাম্মদ মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর তিনি সুরভিকে ঢাকায় নিয়ে যান। সুরভি সেখানে তৈরি পোশাক কারখানায় চাকরি নেন। নুর মোহাম্মদ ঢাকায় মাঝেমধ্যে রিকশা চালাতেন। সুরভির কাছ থেকে টাকা নিয়ে নেশা করতেন। টাকা দিতে না পারলে চলত শারীরিক নির্যাতন। গত বুধবার সুরভিকে ঢাকা থেকে বদরগঞ্জে নিজ বাড়িতে নিয়ে আসেন তাঁর স্বামী। বৃহস্পতিবার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক আনতে বলেন নুর মোহাম্মদ। এতে রাজি না হওয়ায় ওই দিন রাতে ঘরে আটকে লাঠি দিয়ে পিটিয়ে সুরভির দুই হাত, পা ও ঊরুতে জখম করা হয়।

গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সুরভি বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে আছে।

সুরভি বলেন, ‘আমি কলেজে পড়তাম। বাবা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। এসএসসিতে জিপিএ ৪ দশমিক ৭৫ পেয়েছিলাম। বাবা না বুঝে আমাকে বিয়ে দিয়েছেন। বিয়ের পর কলেজে যাওয়া বন্ধ করে দিয়ে আমার স্বামী পাঠ্যবই আগুনে পুড়িয়েছে। তবু ঢাকায় গিয়ে চাকরি করলাম। মাস শেষে বেতনের সব টাকা নিয়ে স্বামী নেশা করত, মারত। কান্নাকাটি করে বাড়িতে আসলাম। এখন এক লাখ টাকা যৌতুক চায়। ব্যবসা করবে। আমার বাবা গরিব। টাকা কোথায় পাবে? টাকা না আনায় খুব মেরেছে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই বলেন, ‘মারপিটের কারণে সুরভির শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধেছে। নির্দয়ভাবে তাঁকে পেটানো হয়েছে। নির্যাতনের চিহ্ন দেখে নিজেও ভীষণ কষ্ট পেয়েছি। তাঁর সুস্থ হতে একটু সময় লাগবে।’

সুরভির স্বামী নুর মোহাম্মদ বলেন, ‘স্ত্রী আমার বাবা-মায়ের সঙ্গে থাকতে চায় না। কথার মূল্যায়ন করে না। ফোনে অন্য মানুষের সঙ্গে কথা বলে। তাই রাগ করে আমি তাঁকে বেলচা দিয়ে মেরেছি। পরে ভুল শিকার করেছি। আমি নেশা করি না। যৌতুক চাওয়ার কথা মিথ্যা।’ বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।