যৌতুক দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহানের ওপর নির্যাতন করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি করেন নুসরাতের বাবা মো. নূরুল ইসলাম ভূঁইয়া।
মামলায় নুসরাতের স্বামী মেজর নাজির উদ্দিন, শ্বশুর ইদ্রিস আলী ও শাশুড়িকে আসামি করা হয়েছে। আদালত এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন।
নাজির উদ্দিনের বাবা ইদ্রিস আলী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চার বছর ধরে তিনি নুসরাতের সব পড়াশোনার খরচ দিচ্ছেন। কথা ছিল, বিবিএ শেষ করে নুসরাত চট্টগ্রামে তাঁর ছেলের কাছে চলে যাবে। এ জন্য তাঁকে টাঙ্গাইলে নিয়ে আসা হয়। কিন্তু গত সোমবার ওদের বাড়ি থেকে ১৫-১৬ জন লোক পুলিশ নিয়ে এসে মেয়েকে নিয়ে যান। কিন্তু কেন এবং কীভাবে আহত হয়ে নুসরাত হাসপাতালে ভর্তি হলেন, সে সম্পর্কে তিনি কিছু জানেন না। তিনি বলেন, ‘ওরা আমার ইজ্জতের ওপর হ্যাম্পার আনল। বড় কষ্ট লাগে। তার (নুসরাত) পরিবারের লোকজন এগুলা করতেছে। তারা আমারে কইছিল, ঢাকায় তারা যে ফ্ল্যাটটাতে থাকে, ওইটা কিনে দিতে। কিন্তু দেইনি।’
গত সোমবার টাঙ্গাইলের কালিহাতিতে মেজর নাজির উদ্দিন ও তাঁর বাবা নুসরাতকে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন নুসরাতের বাবা। তাঁর অভিযোগ, বাধা দিতে গেলে তিনি ও তাঁর স্ত্রী-ছেলেও মারধরের শিকার হন। নুসরাত এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনজনের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। আদালতের বিচারক মো. শরিফ উদ্দিন আহমেদ মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের জন্য টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিমকে দায়িত্ব দিয়েছেন। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এমবিএর ছাত্রী। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল সকালে দ্বিতীয় দিনের মতো অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে মেজর স্বামীকে সেনাবাহিনী থেকে অপসারণ এবং তদন্ত কমিটি গঠন করে যথাযথ শাস্তির দাবি জানান। বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক আব্বাস আলী খান, অধ্যাপক আলী আক্কাস, সহযোগী অধ্যাপক মুশফিক মান্নান চৌধুরী প্রমুখ।