চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রী ও ১০ মাসের সন্তানকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামীসহ নয়জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। নিহত ফাতেমার বড় ভাই মনির হোসেন বাদী হয়ে গতকাল সোমবার এ মামলা করেন।
এদিকে অভিযুক্তের মা নিহত ফাতেমার বাবাকে মুঠোফোনে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আসামিদের মধ্যে নিহত গৃহবধূর স্বামী রাসেল হোসেন ছাড়াও তাঁর মা-বাবা, ভাই, বোন ও ভগ্নিপতি রয়েছে। তারা সবাই পলাতক।
শনিবার দিবাগত রাত একটায় রাসেল স্ত্রী ও সন্তানকে ঘরের ভেতর আগুনে পুড়িয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে। পরে লাশ পাশের পুকুরে ফেলে পালিয়ে যায় রাসেল।
নিহত ফাতেমার বাবা আবদুল গফুর অভিযোগ করেন, রাসেলের মা ফোন করে বলেন, ‘আমার স্বামী সরকারি কর্মকর্তা। কোটি টাকা দিয়ে থানা-পুলিশ কিনেছি। তুই কী করবি, কর। আমি এখন নারায়ণগঞ্জে আছি।’ আবদুল গফুর বলেন, ‘আমার মেয়ে ও নাতির হত্যার ব্যাপারে পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে আমি প্রধানমন্ত্রীর কাছে যাব।’
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘কেউ থানা কিনেছে কি না, তা আমি জানি না।’