স্বামী-শ্বশুরের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
শরীরের বিভিন্ন অংশে পুরোনো ক্ষত। মাথা ন্যাড়া। মাথার চামড়াতেও কাটা দাগ। গৃহবধূ আসমা আক্তারের (২০) লাশের সুরতহাল প্রতিবেদনে এই বর্ণনা দিয়েছে পুলিশ।
স্বজনদের অভিযোগ, স্বামী-শ্বশুরের নির্যাতনে আসমা মারা গেছেন। গত সোমবার রােত বাড্ডার বাবার বাড়ি থেকে আসমার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
আসমার পরিবারের সদস্যরা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার নূর মোহাম্মদ ওরফে হৃদয়কে ২০১১ সালে নিজের পছন্দে বিয়ে করেছিলেন আসমা। স্বামীর সঙ্গে ডেমরাতেই থাকতেন তিনি। তাঁদের একটি মেয়েও হয়। আসমার শ্বশুর কাইয়ুম নবী দূরপাল্লার বাসের চালক। বিয়ের কিছু দিন পর থেকে তিন লাখ টাকা যৌতুকের দাবি করেন আসমার স্বামী ও শ্বশুর। বিভিন্ন সময় মারধর করে আসমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, পোস্ট অফিস গলির একটি বাড়ি থেকে আসমার লাশ উদ্ধার করা হয়। তবে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরে ব্যবস্থা নেওয়া হবে।
আসমার শ্বশুর কাইয়ুম নবীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।