স্বামী-সন্তানদের রুমে আটকে রেখে স্ত্রীর আত্মহত্যা!
ফকিরাপুলে মমতাজ বেগম (৩০) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বামী ও ছেলেমেয়েকে রুমে আটকে রেখে চতুর্থ তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বামী আনিসুর রহমান জানান।
গতকাল রোববার বেলা ১১টার দিকে ফকিরাপুলের কোমরগলির ৫৬/৭ নম্বর ছয়তলা বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। আনিসুর রহমান ও পুলিশের দাবি, পারিবারিক কারণে ওই ভবনের চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন মমতাজ বেগম।
এর আগে ২৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে নিজ বাসায় হাত-পা বাধা অবস্থায় থাকা স্ত্রী শম্পা আক্তারের সামনে থেকে স্বামী সাইফুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ। শম্পা আক্তার বলেছিলেন, এ ঘটনার আগে রাত আটটার দিকে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খাটের সঙ্গে তাঁর (শম্পা আক্তারের) হাত-পা বেঁধে ফেলেছিলেন সাইফুল। এরপর গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
আনিসুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সকালে বাইরে থেকে কাজ শেষে বাসায় ফেরেন তিনি। ১০ বছর বয়সী মেয়ে ও পাঁচ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে খাবার খাচ্ছিলেন। খাবার খাওয়ার সময় হঠাৎ করে ঘরের বাইরে বারান্দায় চলে যান মমতাজ বেগম। বারান্দায় গিয়ে দ্রুত বাইরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে খোলা বারান্দা থেকে লাফ দেন তাঁর স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মমতাজের লাশ উদ্ধার করে। স্ত্রী মমতাজের লাফিয়ে পড়ার কারণ বুঝতে পারছেন না বলে সাংবাদিকদের জানান আনিসুর রহমান।
আনিসুর ও মমতাজ দুজনেরই বাড়ি গাইবান্ধা জেলায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। আনিসুর পুলিশকে জানিয়েছেন, ঘটনার বেশ কয়েক দিন আগে মমতাজের সঙ্গে তাঁর পরিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল। তবে পরে দুজনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, মমতাজের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ ঘটনা সম্পর্কে আরও কিছু তথ্য পাওয়া যাবে।
এ ঘটনায় মতিঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু: রাজধানীর মিরপুর এলাকায় মো. ইব্রাহিম খলিল (১৪) নামের এক স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে ১০ নম্বর সেকশনের ২৭ নম্বর রোডের ড্রেনের বস্তিতে এ ঘটনা ঘটে। ইব্রাহিম স্থানীয় উদয়ন স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ প্রথম আলোকে জানান, ধারণা করা হচ্ছে যে ইব্রাহিম আত্মহত্যা করেছে। তার গলায় কালো দাগ ছিল।
এসআই মহেশ চন্দ্র আরও জানান, ইব্রাহিমের বাবা ফয়জুর রহমান রাতে বস্তির ঘরে ছেলেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ইব্রাহিমকে এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয়।
ইব্রাহিমের বাবা ফজলুল হক পেশায় রাজমিস্ত্রি। বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে ড্রেনের বস্তিতে থাকত ইব্রাহিম। ইব্রাহিমের মা লুৎফা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে ছয়-সাত মাস আগে মারা যান। এ ঘটনায় ফজলুল হক পল্লবী থানায় অপমৃত্যুর মামলা করেছেন।