স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক শাড়িতে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার কোটালীপাড়া উপজেলার সুদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম নৈয়ারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৩ মাস আগে পশ্চিম নৈয়ারবাড়ি গ্রামের দিনেশ বাকচীর ছেলে দীপক বাকচীর (২০) সঙ্গে পাশের রামশীল গ্রামের বিবেক হালদারের মেয়ে লাকীর (১৭) বিয়ে হয়। আর্থিক অনটনের কারণে পারিবারিক কলহ ছিল। মাস ছয়েক আগে দীপক শ্বশুরবাড়িতে গিয়ে একবার বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান।
গতকাল সকাল আটটার দিকে পশ্চিম নৈয়ারবাড়ি গ্রামের ফুলবালা নামের এক নারী বাড়ির পার্শ্ববর্তী পুকুরপাড়ে একটি কাঁঠালগাছে একই শাড়িতে প্যাঁচানো স্বামী–স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। কোটালীপাড়া থানার এসআই ছবেদ আলী বলেন, ‘থানা থেকে ঘটনাস্থল অনেক দূরে। আমি বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যাই। তবে লাশ ঝুলন্ত অবস্থায় পাইনি। লাশ বাড়ির উঠানে ছিল।’