স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যম সারির ২০ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। তাঁরা চলমান স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচির পুষ্টি, অসংক্রামক ব্যাধি ও রোগনিয়ন্ত্রণ পৃথক কর্মপরিকল্পনায় (ওপি) কর্মরত ছিলেন। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তাঁদের অধিকাংশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে।
মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে। ওএসডি হওয়া কর্মকর্তাদের তালিকায় জাতীয় পুষ্টিসেবার আটজন, অসংক্রামক ব্যাধি কর্মপরিকল্পনার ছয়জন এবং রোগনিয়ন্ত্রণ কর্মপরিকল্পনার ছয়জন কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে একজন লাইন ডিরেক্টর, একজন উপপরিচালক, একজন কর্মসূচি ব্যবস্থাপক এবং বাকি সবাই উপকর্মসূচি ব্যবস্থাপক।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্র জানিয়েছে, অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ওএসডি হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের আগের কর্মস্থলে বা নতুন কর্মস্থলে পদায়ন করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক সূত্র জানায়, সরকারের মহা-হিসাব নিরীক্ষকের দপ্তরের ফরেন এইডেড প্রজেক্টস অডিট ডিরেক্টরেট (ফাপাদ) ২০১১-১২ অর্থবছরের নিরীক্ষায় স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত করে। ২০১৩ সালের ৮, ১১ ও ১২ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মপরিকল্পনায় অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রথম আলোতে তিনটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। বিশ্বব্যাংক তৎকালীন স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়ে ঘটনা জানতে চায়। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের নিজস্ব নিরীক্ষায়ও অনিয়ম ধরা পড়ে।
স্বাস্থ্য কর্মসূচিতে বিভিন্ন দাতা সংস্থা ও দেশের অর্থ-সহায়তা সমন্বয় করে বিশ্বব্যাংক।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব নিরীক্ষা শাখার একটি সূত্র জানিয়েছে, দুর্নীতি করে অর্থ আত্মসাতের ঘটনা ধরা পড়ার পর চারজন কর্মকর্তা এক কোটি ২৫ লাখ টাকা সরকারকে ফেরত দিয়েছিলেন। তার পরও মন্ত্রণালয় কারও বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।
এরপর বিশ্বব্যাংক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা জানতে চেয়ে দুটি চিঠি দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপসচিব বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, জড়িত ব্যক্তিদের শাস্তি না দিলে বিশ্বব্যাংক স্বাস্থ্য খাতে অর্থ-সহায়তা বন্ধ করে দিতে পারে, এমন কথাও বলে।
তবে এই ২০ জনের তালিকায় অন্তত চারজনের নাম আছে, যাঁদের বিরুদ্ধে সরকারি বা বিশ্বব্যাংকের নিরীক্ষায় কোনো অনিয়ম বা দুর্নীতি ধরা পড়েনি। তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কর্মপরিকল্পনা থেকে আমরা পুরোনো সবাইকে সরিয়ে নিচ্ছি। যাঁরা অনিয়ম করেননি, যোগ্য—এমন কর্মকর্তাদের আমরা আগের জায়গায় ফেরত আনব।’
অনিয়মের অভিযোগ নেই—এমন কর্মকর্তাদের ওএসডি করার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে বিশ্বব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘যোগ্য কর্মকর্তাদের সরিয়ে নিলে স্বাস্থ্য কর্মসূচি ক্ষতিগ্রস্ত হবে।’