স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক নবজাতক চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা কৌশলে এক নারীর মাধ্যমে শিশুটিকে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে নবজাতকের পরিবার।

নবজাতক চুরির বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জামালপুরের সিভিল সার্জন মোশায়ের উল ইসলাম। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার মো. আসাদুজ্জামান বলেন, শুনেছি নবজাতকটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ব্যাপারটি তদন্ত করে দেখা হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স ও নবজাতকের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বরসরা গ্রামের মানিক মিয়ার স্ত্রী লাকী বেগম (২০) প্রসববেদনা উঠলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বেলা একটায় তিনি একটি ছেলেশিশুর জন্ম দেন। নার্সরা মা লাকীকে নিয়ে ব্যস্ত থাকার সুযোগে একপর্যায়ে দুর্বৃত্তরা কৌশলে অজ্ঞাত এক নারীর মাধ্যমে নবজাতককে চুরি করে নিয়ে যায়।
আধা ঘণ্টা পর নার্স ও প্রসূতির পরিবারের সদস্যরা শিশু চুরির বিষয়টি টের পান। খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পরে ঘটনাটি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের জানানো হয়।
লাকী বেগম গতকাল বিকেল চারটায় প্রথম আলোকে বলেন, ‘প্রসবের আধা ঘণ্টা পর জ্ঞান ফিরলে আমি আমার বাচ্চাকে খুঁজি। কিন্তু পাইনি। তাকে কারা যেন চুরি করে নিয়ে গেছে।’ শিশুর বাবা মানিক মিয়া জানান, পরিবারের সদস্যরা বাইরে অপেক্ষমাণ থাকার সুযোগে শিশুটিকে চোরেরা নিয়ে গেছে।
লাকী বেগমের সঙ্গে আসা রেনু বেগম (৩৫) বলেন, ‘আমার কোল থেকে বাচ্চাকে এক নারী নিয়ে গেছেন। পরে ওই নারী দৌড়ে পালিয়ে যান। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।’